সোনালী ব্যাংকের আগারগাঁও শাখা থেকে ১৪১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গৌতম কুমার মিত্রকে গতকাল সোমবার টানা আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে দুপুর ১২টা থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করে দুদকের উপপরিচালক বেনজীর আহমেদের নেতৃত্বে চার সদস্যের অনুসন্ধান দল।জিজ্ঞাসাবাদ শেষে বের হয়ে গৌতম মিত্র সাংবাদিকদের জানান, তিনি কোনোভাবেই গ্রিন প্রিন্টার্সের সঙ্গে জড়িত নন। তিনি সোনালী ব্যাংক থেকে কোনো ধরনের ঋণ নেননি। গৌতম বলেন, ‘আমি গ্রিন প্রিন্টার্সের কেউ না। আমি গ্রিন ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক। আর গ্রিন প্রিন্টার্সের স্বত্বাধিকারী হচ্ছেন আবুল হোসেন। দুদক ভুলবশত আমাকে ডেকেছে।’ এদিকে গৌতম মিত্রকে আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ বিষয়ে উপপরিচালক বেনজীর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘দুদক ভুল করে তাঁকে ডাকেনি, জেনেশুনেই ডেকেছে। অনুসন্ধানের স্বার্থেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগের সূত্র প্রথম আলোকে জানায়, সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের এক পরিচালকের সঙ্গে গৌতমের বিশেষ বন্ধুত্ব রয়েছে। তাঁদের বন্ধুত্বের সুবাদেই গ্রিন প্রিন্টার্সের অনুকূলে ঋণ দেওয়া হয়। এ ছাড়া জিজ্ঞাসাবাদে ২০০৫ সাল থেকে আবুল হোসেনের সঙ্গে যাবতীয় সম্পর্ক, ব্যবসায়িক লেনদেনের সব ধরনের তথ্যই বলে দিয়েছেন গৌতম মিত্র। সামান্য একজন কর্মচারী আবুল হোসেনকে মালিক সাজিয়ে ঋণ নেওয়ার বিষয়টি সরাসরি স্বীকার করেননি গৌতম; তবে স্বীকার করেছেন, ঋণের বিষয়ে তিনি জড়িত ছিলেন। গত বছরের মাঝামাঝি সময়ে অর্থ আত্মসাতের এ ঘটনা ঘটে সোনালী ব্যাংকের আগারগাঁও শাখায়। গ্রিন প্রিন্টার্স ওই শাখা থেকে ১৪১ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে বিশ্বব্যাংকের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে অনুসন্ধান করছে দুদক। গত ২৬ সেপ্টেম্বর এ অনুসন্ধান শুরু হয়েছে।