১৪৩ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত: ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হামলা, সহিংসতা, ভোটকেন্দ্রে আগুন, ব্যালট ও বাক্স ছিনতাই—এসব কারণে আজ রোববার বেলা ১১টা পর্যন্ত সারা দেশে মোট ১৪৩টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) থেকে এ তথ্য জানানো হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।

ইসি জানিয়েছে, ঠাকুরগাঁও-১ আসনে তিনটি, দিনাজপুর-৪ আসনে ১৪টি, দিনাজপুর-৫ আসনে একটি, নীলফামারী-১ আসনে পাঁচটি, নীলফামারী-৩ আসনে চারটি, লালমনিরহাট-১ আসনে একটি, রংপুর-৩ আসনে তিনটি, রংপুর-৪ আসনে ৪১টি, গাইবান্ধা-১ আসনে দুটি, গাইবান্ধা-৩ আসনে ২১টি, গাইবান্ধা-৪ আসনে ২০টি, হবিগঞ্জ-২ আসনে দুটি, কুমিল্লা-৯ আসনে চারটি, ফেনী-৩ আসনে একটি, লক্ষ্মীপুর-১ আসনে পাঁচটি, চট্টগ্রাম-১৫ আসনে দুটি, বগুড়া-৭ আসনে নয়টি, জামালপুর-৪ আসনে দুটি ভোটকেন্দ্র ও শেরপুর-৩ আসনে একটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

আজ সকাল আটটা থেকে দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৪৭টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকেল চারটা পর্যন্ত টানা ভোট নেওয়া হবে।

একতরফা এই নির্বাচনে ১৫৩ জন প্রার্থী ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। এতে ১৫৩ আসনের চার কোটি ৮০ লাখ ২৭ হাজার ৩৯ জন ভোটার আজ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করা থেকে বঞ্চিত হচ্ছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাংসদদের মধ্যে সাবেক ও বর্তমান মন্ত্রী ১৯ জন, প্রতিমন্ত্রী চারজন। এ ছাড়া আছেন সংসদ উপনেতা ও চিফ হুইপ।

বাকি ১৪৭টি আসনে আজ চার কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৯৩৮ জন ভোটারের ভোট দেওয়ার সুযোগ আছে। ১২টি দলের ৩৯০ জন প্রার্থী এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৫৫টি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে দলের বিদ্রোহী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৬০ জেলায় অনুষ্ঠেয় এই নির্বাচন ঘিরে চিরাচরিত উত্সাহ-উত্সবের আমেজ নেই। আছে ভোটারদের মধ্যে আতঙ্ক, নিরাপত্তা নিয়ে আশঙ্কা।