১৪৩ চিকিৎসকের কাজে স্থিতাবস্থা নিয়ে জটিলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ১৪৩ জন চিকিৎসকের কাজ করার বিষয়ে ‘স্থিতাবস্থা’ বা ‘স্ট্যাটাসকো’ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। কর্তৃপক্ষ বলছে, এসব চিকিৎসক কর্মরত নেই। আর চিকিৎসকদের দাবি, তাঁরা কর্মরত আছেন। ১২ এপ্রিল পর্যন্ত তাঁরা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান গতকাল বুধবার রাতে প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টার পরামর্শমতে এসব চিকিৎসকের বেতন মার্চ মাস থেকে বন্ধ রাখা হয়েছিল। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সব বিভাগের চেয়ারম্যানদের চিঠি দিয়ে এসব চিকিৎসককে দায়িত্ব পালন থেকে বিরত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন।
বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় থাকার সময় কয়েকজন চিকিৎসকের নিয়োগ করার বিজ্ঞপ্তি দিয়ে ১৪৩ জনকে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই নিয়োগের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের তৎকালীন মহাসচিব ও বর্তমান সভাপতি ইকবাল আর্সলান। হাইকোর্ট চিকিৎসকদের নিয়োগ বাতিল ঘোষণা করে রায় দেন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চিকিৎসকেরা আপিল করেন। চলতি বছরের ২২ ফেব্রুয়ারি আপিল বিভাগ চিকিৎসকদের করা ওই আপিল খারিজ করে দেন।
আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় কর্তৃপক্ষের হাতে না আসায় ওই চিকিৎসকেরা কাজ করছিলেন। এর মধ্যে আইন উপদেষ্টার পরামর্শে চিকিৎসকদের বেতন দেওয়া থেকে বিরত থাকে কর্তৃপক্ষ। মার্চ মাসের বেতন পাননি এসব চিকিৎসক।
এরপর ১১ এপ্রিল চাকরির ধারাবাহিকতা বজায় রাখা এবং বেতন চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন ওই চিকিৎসকেরা। ১২ এপ্রিল হাইকোর্টের একটি বেঞ্চ দুই পক্ষের শুনানি শেষে আদেশে বলেন, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় না আসা পর্যন্ত চিকিৎসকদের কাজ করার বিষয়ে স্থিতাবস্থা বজায় থাকবে।
রিট আবেদনকারী চিকিৎসক এ বি এম সফিউল্লাহ গতকাল প্রথম আলো কার্যালয়ে এসে বলেন, ‘১২ এপ্রিল হাইকোর্ট স্থিতাবস্থার আদেশ দিয়েছেন। ওই দিন আমি কাজ করেছি এবং হাজিরা খাতায় সই করেছি। আজ (বুধবার) আমাদের হাজিরা খাতায় সই করতে দেওয়া হয়নি।’ তিনি বলেন, সবাই এক দিন আগে পর্যন্ত কাজে ছিলেন।
হাজিরা খাতায় সই এবং কাজে নিয়মিত অংশগ্রহণের আবেদন জানিয়ে গতকাল উপাচার্যের কাছে আবেদন করেছেন চিকিৎসকেরা। আবেদনপত্রে ৭৪ জন সই করেছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, ১২ এপ্রিল চিকিৎসকদের কাজ থেকে বিরত রাখার জন্য বিভাগীয় চেয়ারম্যানদের চিঠি দেওয়া হয়েছে। হাইকোর্টের স্থিতাবস্থার বিষয়ে কোনো নির্দেশনা তিনি পাননি।