১৪৩ চিকিৎসকের ৬৭ জনই নেই
পর্যাপ্ত চিকিৎসক না থাকায় জয়পুরহাট জেলায় চিকিৎসাসেবা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জেলায় ১৪৩ জন চিকিৎসকের মধ্যে ৬৭ জনই নেই। এর মধ্যে সিভিল সার্জনের পদটি সাত-আট মাস ধরে শূন্য। জেলা আধুনিক হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসক না পেয়ে রোগীরা ফিরে যাচ্ছে। অনেকে বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে।জানা গেছে, জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসকের পদ রয়েছে ৪৩টি। সেখানে কর্মরত আছেন ২৮ জন। শূন্য আছে ১৫ জন চিকিৎসকের পদ। নাক, কান ও গলা রোগের চিকিৎসকের পদটি ২০০৬ সালের ১ নভেম্বর থেকে শূন্য রয়েছে। চর্ম ও যৌনবিষয়ক পরামর্শকের পদটি ২০০৭ সালের ১৪ জুন থেকে শূন্য। চক্ষু চিকিৎসক কনিষ্ঠ পরামর্শকের পদটি ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর থেকে শূন্য আছে। দাঁতের চিকিৎসকের পদটি খালি রয়েছে ২০০৯ সালের ২৩ মার্চ থেকে। হাসপাতালের জরুরি বিভাগে মেডিকেল কর্মকর্তার তিনটি পদ শূন্য আছে এবং মেডিকেল কর্মকর্তার চারটি পদও খালি। অবেদনবিদের চার পদের মধ্যে তিনটি পদ খালি রয়েছে। এ ছাড়া অস্থিরোগের (অর্থোপেডিক) জ্যেষ্ঠ পরামর্শকের পদটি দীর্ঘদিন থেকে শূন্য আছে।জেলার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পদ রয়েছে তিনটি। এর মধ্যে একটি পদ শূন্য। সদর উপজেলার ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকের ১০টি পদ রয়েছে। সেখানে কর্মরত আছেন পাঁচজন।কালাই উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পদ রয়েছে ২০টি। এর মধ্যে ১৭ জনই নেই। স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পাঁচজন চিকিৎসকের মধ্যে চারজনই নেই।ক্ষেতলাল ৩১ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নয় চিকিৎসকের পাঁচজন নেই। যে চারজন আছেন, তার মধ্যে একজনকে আবার জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে প্রেষণে নেওয়া হয়েছে। ফলে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে তিনজন চিকিৎসক কর্মরত আছেন। ক্ষেতলাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পাঁচ চিকিৎসকের চারজনই নেই।আক্কেলপুর ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পদ আছে ২০টি। এর মধ্যে ১৪ জনই নেই। স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পাঁচ চিকিৎসকের একজনও নেই। পাঁচবিবির ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পদ আছে নয়টি। চিকিৎসক নেই পাঁচজন। ইউনিয়ন স্বাস্থ্যসেবাকেন্দ্রগুলোতে পদ রয়েছে আটটি। কর্মরত আছেন পাঁচজন।গত সোমবার জেলা আধুনিক হাসপাতালে চর্ম রোগের চিকিৎসা নিতে বহির্বিভাগে লাইনে দাঁড়িয়েছিলেন ক্ষেতলালের মাহফুজা বেগম। টিকিট কাটার আগমুহূর্তে জানতে পারলেন চর্মরোগের কোনো চিকিৎসক নেই। হাসপাতালে চিকিৎসা নিতে না পেরে বাধ্য হয়ে তিনি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোবিন্দমোহন সাহা এবং কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হোসেন জানান, রোগীর চাপে তাঁদের হিমশিম খেতে হয়। জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আতাউর রহমান জানান, হাসপাতালে চিকিৎসকের অভাবে তাঁকে সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে প্রতিদিন চিকিৎসাসেবা দিতে হচ্ছে। এভাবে একটি হাসপাতাল চলতে পারে না বলে মন্তব্য করেন তিনি। হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন হাজার-বারো শ রোগী চিকিৎসা নিতে আসছে। এ ছাড়া জরুরি বিভাগে রোগীর চাপ তো আছেই।