১৪৪ চিকিৎসক পদের ৬৪টিই শূন্য
চিকিৎসক-সংকটে জয়পুরহাটের সরকারি হাসপাতালগুলোর চিকিৎসাসেবা দিনকে দিন নাজুক হয়ে পড়ছে। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ১০০ শয্যার জনবল দিয়ে চলছে ১৫০ শয্যার কার্যক্রম। ১০০ শয্যার জন্য ওই হাসপাতালে চিকিৎসকের পদ রয়েছে ৪৫টি। তারও আবার ২০টি শূন্য। এ ছাড়া জেলার পাঁচটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ৯৯টি চিকিৎসক পদের মধ্যে ৫৫টিই শূন্য। এলাকার দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসার ভরসা এসব হাসপাতাল। চিকিৎসক-সংকটে রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। ফলে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা।
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল ও জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালের ১৬ নভেম্বর ১০০ শয্যাবিশিষ্ট জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। তখন হাসপাতালটিতে ৪৫ জন চিকিৎসকের পদ সৃষ্টি করা হয়। এই হাসপাতালটির চিকিৎসকসহ জনবল না বাড়িয়ে ২০১৩ সালের ১৩ জানুয়ারি এটিকে ১৫০ শয্যায় উন্নত করা হয়। ১৫০ রোগীর পথ্য ও ওষুধও বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ১৫০ রোগীর জন্য প্রয়োজনীয় চিকিৎসক ও জনবলের পদ সৃষ্টি করা হয়নি। আগের লোকবল দিয়েই রোগীর চাপ সামাল দিতে হচ্ছে চিকিৎসক ও সেবিকাদের। হাসপাতালে প্রতিদিন ভর্তি থাকে ২০০ থেকে ২৫০ রোগী। শয্যা না পেয়ে মেঝেতে থেকে চিকিৎসা নিতে হয় এসব মানুষকে। হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ৮০০-১০০০ রোগী চিকিৎসা নিতে আসে।
সূত্রটি আরও জানায়, হাসপাতালের জরুরি বিভাগে সাতজন চিকিৎসকের পদ থাকলেও আছেন মাত্র দুজন। চিকিৎসা কর্মকর্তার পদ ১৩টি, আছেন নয়জন। আবাসিক চিকিৎসকের দুটি পদের মধ্যে একটি, অচেতনবিদের তিনটি পদের মধ্যে দুটি এবং জুনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তার দুটি পদই শূন্য। ২০০৭ সাল থেকে চর্ম, ২০০৯ সাল থেকে নাক-কান-গলা এবং ২০১৫ সাল থেকে চক্ষুচিকিৎসকের পদ শূন্য রয়েছে। এ ছাড়া প্যাথলজিস্ট, রেডিওলজিস্ট ও রক্ত পরিসঞ্চালন চিকিৎসকের পদও শূন্য।
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক আতাউর রহমান বলেন, হাসপাতালে চিকিৎসক-সংকট প্রকট। যে কয়জন আছেন, তাঁদের প্রতিদিন বহির্বিভাগে বিপুলসংখ্যক রোগী দেখতে হয়। জয়পুরহাট জেলার বাইরে আশপাশের এলাকার মানুষও চিকিৎসা নিতে আসেন এই হাসপাতালে। তাই প্রতিদিনই রোগীর চাপ থাকে। প্রত্যেক চিকিৎসককে তাঁর ধৈর্য ও সামর্থ্যের বাইরে গিয়ে কাজ করতে হয় এখানে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আলী বলেন, ১৫০ শয্যার এ হাসপাতালে চিকিৎসক-সংকটের বিষয়টি একাধিকবার স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানিয়ে সংকট সমাধানে আবেদন করা হয়েছে। কিন্তু এখনো শূন্য পদগুলোর কোনো সুরাহা হয়নি। তবে ১৫০ শয্যার রোগীর জন্য পথ্য ও ওষুধ বরাদ্দ পাওয়া যাচ্ছে। চিকিৎসকের অভাবে প্রয়োজনীয় সেবা ব্যাহত হচ্ছে।
চিকিৎসা নিতে এসে ২২ ফেব্রুয়ারি সদর উপজেলার হরিপুর গ্রামের আমিনুর রহমান বলেন, তাঁর কানের সমস্যা। বেসরকারি হাসপাতালে বেশি টাকা দিয়ে চিকিৎসক দেখানোর সামর্থ্য তাঁর নেই। কিন্তু এখানে কানের চিকিৎসক না পেয়ে তিনি ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
এদিকে জেলার নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পদ রয়েছে ৯৯টি। সেখানে কর্মরত রয়েছেন ৫৫ জন। পদ শূন্য রয়েছে ৪৪টি। জেলার আক্কেলপুর উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অনুমোদিত পদ ২৬টি। সেখানে আছেন মাত্র নয়জন। পদ শূন্য রয়েছে ১৭টি। কালাইয়ে ২৬টি পদের মধ্যে কর্মরত আছেন ১৪ জন। শূন্য ১২টি পদ। পাঁচবিবিতে পদ রয়েছে ১৭টি। সেখানে কর্মরত আছেন ১০ জন। শূন্য সাতটি পদ। ক্ষেতলালে ১৪টি পদের বিপরীতে নয়জন চিকিৎসক আছেন। সদর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পদ রয়েছে ১৩টি। কর্মরত ১১ জন। এ ছাড়াও জেলা সিভিল সার্জন কার্যালয়ে চিকিৎসকের তিনটি পদ রয়েছে। সেখানেও একটি পদ খালি।
জয়পুরহাট জেলা সিভিল সার্জন জসিম উদ্দিন হাওলাদার জেলায় চিকিৎসক-সংকটের কথা স্বীকার করে বলেন, বিপুলসংখ্যক চিকিৎসকের পদ ফাঁকা থাকায় সাধারণ মানুষ সরকারি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। চিকিৎসকের শূন্য পদগুলোতে নিয়োগের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে একাধিকবার আবেদন করে এখনো নিয়োগ পাওয়া যায়নি।
চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএর জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক যোবায়ের গালীব বলেন, জয়পুরহাটে বিপুলসংখ্যক চিকিৎসক-সংকটের বিষয়টি তাঁদের সংগঠনের মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ে জানানো হয়েছে। তাঁরা আশা করছেন, দ্রুত চিকিৎসক নিয়োগের ব্যবস্থা হবে।