১৪৪ দেশের মধ্যে বাংলাদেশ ১১১তম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

কন্যাশিশুর পূর্ণাঙ্গ বিকাশের সম্ভাবনার সূচক নিয়ে সেভ দ্য চিলড্রেনের প্রতিবেদন

কন্যাশিশুদের সার্বিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের প্রতিবেদন বলছে, কন্যাশিশুর পূর্ণাঙ্গ বিকাশের সম্ভাবনার সূচকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ কেবল আফগানিস্তানের চেয়ে এগিয়ে আছে। সূচকে বিশ্বের ১৪৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১১তম, আফগানিস্তানের অবস্থান ১২১।
সেভ দ্য চিলড্রেনের ‘এভরি লাস্ট গার্ল-ফ্রি টু লিভ, ফ্রি টু লার্ন, ফ্রি ফ্রম হার্ম’ শীর্ষক এই প্রতিবেদন বলছে, বিশ্বে প্রতি ৭ সেকেন্ডে একটি কন্যাশিশুর বিয়ে হচ্ছে। ১৫ বছরের কম বয়সী কন্যাশিশুরা এই বাল্যবিবাহের শিকার হচ্ছে। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
বাল্যবিবাহ, কিশোরী মাতৃত্ব, মাতৃমৃত্যু, সংসদে নারী সাংসদের সংখ্যা এবং নিম্নমাধ্যমিক স্কুল সমাপ্ত করার হারের দিক থেকে প্রতিবেদনে ১৪৪টি দেশের ‘গার্লস অপরচুনিটি ইনডেক্স’ প্রকাশ করা হয়েছে। এই সূচকে বাংলাদেশের অবস্থান ১১১তম, শ্রীলঙ্কার ৬০, ভুটানের ৮০, পাকিস্তানের ৮৮, ভারতের ৯০ এবং মালদ্বীপের অবস্থান ৫০তম। সূচকে ১ নম্বর অবস্থানে সুইডেন, যুক্তরাজ্যে ১৫ ও যুক্তরাষ্ট্র ৩২ নম্বরে।
প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে আর তেমন তথ্য নেই। গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদন দেখে আশ্চর্য হওয়ার কিছু নেই। ব্যানবেইসের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী মাধ্যমিকে ঝরে পড়ার হার ৪০ শতাংশ। এর মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি।
৩০ পৃষ্ঠার ওই প্রতিবেদন বলছে, বর্তমানে বিশ্বে ৭০ কোটি নারীর ১৮তম জন্মদিনের আগেই বিয়ে হচ্ছে। প্রতি তিনজনের মধ্যে একজনের বিয়ে হচ্ছে ১৫ বছর বয়সের আগেই। প্রতিবেদনে বাংলাদেশের বাল্যবিবাহের পরিসংখ্যান আলাদা করে দেওয়া নেই। ২০১৪ সালে ইউনিসেফের ‘এনডিং চাইল্ড ম্যারেজ-প্রোগ্রেস অ্যান্ড প্রসপেক্টাস’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছিল, ১৫ বছর বয়সের আগে এবং ১৫ বছর বয়সের পরে তবে ১৮ বছর বয়সের আগে বাংলাদেশের ৭৪ শতাংশ মেয়ের বিয়ে হচ্ছে।
জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাছিমা আক্তার প্রথম আলোকে বলেন, শহর এলাকায় বাল্যবিবাহের প্রবণতা কিছুটা কমলেও গ্রাম, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের অবস্থা পাল্টায়নি।
প্রতিবেদন বলছে, অল্প বয়সে বিয়ের মধ্য দিয়েই মেয়েদের জীবনের নানান সমস্যার সূত্রপাত। এই সংকটের চক্র মেয়েদের জীবনজুড়ে চলতে থাকে। প্রতিবেদনে বাল্যবিবাহকে মেয়েশিশুদের সুস্থ-স্বাভাবিকভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
‘গার্লস অপরচুনিটি ইনডেক্স’ অনুযায়ী, কন্যাশিশুদের জন্য বর্তমানে বিশ্বে সবচেয়ে কঠিন দেশ নাইজার। আর মেয়েদের জন্য সবচেয়ে বেশি সুযোগ তৈরি করতে পেরেছে সুইডেন। আবার নেপালের মতো দেশও সূচকে (৮৫তম) এগিয়ে এসেছে। নেপালে নিম্নমাধ্যমিক স্কুল সমাপ্ত করছে ৮৬ শতাংশ, যা স্পেনের সমান।
সেভ দ্য চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ইশতিয়াক মান্নান বলেন, বাংলাদেশের অর্জন অনেক। তবে যে পাঁচটি সূচকের মাধ্যমে ইনডেক্স প্রকাশ করা হয়েছে, তাতে বাংলাদেশ পিছিয়ে পড়েছে। বাল্যবিবাহের উচ্চহারের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান প্রথম দিকেই। ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে সূচকের অবস্থান ভালো করতেই হবে।