১৪৪ ধারা উপেক্ষা করে ভোট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদর উপজেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে গতকাল বৃহস্পতিবার নরসিংদী বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন করা হয়েছে। নির্বাচন ঘিরে দুই পক্ষের সৃষ্ট উত্তেজনার কারণে গত বুধবার রাত থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বণিক সমিতির কার্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নরসিংদী বাজার বণিক সমিতির কার্যকরী কমিটির মেয়াদ তিন বছর। গেল কমিটির সভাপতি ছিলেন বাবুল সরকার আর সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। চলতি মাসে নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার পর নতুন ভোটার হওয়ার হিড়িক পড়ে। নিয়ম না মেনে ইচ্ছামতো অসংখ্য ভোটার করার অভিযোগ ওঠে বিগত কমিটির সভাপতির বিরুদ্ধে। নতুন ভোটার নিয়ে ব্যবসায়ীদের মধ্যে বিভক্তি দেখা দেয়। এ অবস্থায় ১২ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হন বাবুল সরকার, কায়কোবাদ হোসেন ও শাখাওয়াত হোসেন ভূইয়া। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন সাকিল মাহমুদ, ইমতিয়াজ উদ্দিন, দেলোয়ার হোসেন ভূইয়া ও মোতালিব ভূইয়া।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় গেলেও বাবুল সরকারের বিরুদ্ধে ভুয়া ভোটার করার অভিযোগ এনে কায়কোবাদ হোসেন ১০ দিন আগে আদালতে মামলা করেন। আদালত গত বুধবার কায়কোবাদের আবেদন আমলে না নিয়ে নির্বাচনে কোনো বাধা নেই মর্মে রায় দেন। রায় পাওয়ার পর নির্বাচন পরিচালনা পর্ষদ পূর্বনির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নেয়। কিন্তু কায়কোবাদের পক্ষের লোকজন রায় মেনে নিতে পারেননি। পক্ষটি নির্বাচন স্থগিতের দাবি জানিয়ে বুধবার রাত আটটার দিকে শহরে মিছিল করে। পাশাপাশি বণিক সমিতির কার্যালয়ের সামনে একই ইস্যুতে গতকাল প্রতিবাদ সভা আহ্বান করা হয়। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম রেজা বুধবার রাত সাড়ে ১১টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। আদেশ জারির পর কায়কোবাদ পক্ষ পূর্বনির্ধারিত প্রতিবাদ সভা স্থগিত করে। তবে নির্বাচন পরিচালনা পর্ষদ ভোট গ্রহণ সম্পন্ন করে।
কায়কোবাদ হোসেন বলেন, ‘বাবুল সরকার প্রভাব বিস্তার করে ২ হাজার ৩৮৫ ভোটারের মধ্যে একাই ২ হাজার ২৫০ জনকে ভোটার করেন। এ ক্ষেত্রে নিয়ম-নীতির তোয়াক্কা করেননি তিনি। ফলে অধিকসংখ্যক ভুয়া ভোটার রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না বুঝতে পেরে আদালতে গেছি। শেষে আদালত থেকে সুবিচার না পাওয়ায় আন্দোলনে যেতে হয়।’ তিনি বলেন, নির্বাচন পরিচালনা পর্ষদ বাবুল সরকারের পক্ষ নিয়ে সরকারি আদেশ অমান্য করে নির্বাচন চালিয়ে আইনের প্রতি অবজ্ঞা দেখিয়েছে।
বাবুল সরকার বলেন, ‘প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে সত্য। তবে নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা নির্বাচনের আয়োজন করায় আমাকে প্রতিদ্বন্দ্বিতায় থাকতে হয়েছে।’
ভুয়া ভোটারের অভিযোগের বিষয়ে বাবুল সরকার বলেন, ভোটার যাচাইবাছাই কমিটির ১ নম্বর সদস্য ছিলেন কায়কোবাদ। তখন অভিযোগ বা প্রতিবাদ না করে তিনি নির্বাচনে যান। পরে ভুয়া ভোটারের অভিযোগ তোলা স্ববিরোধিতা ছাড়া আর কিছু নয়।
জানতে চাইলে নির্বাচন কমিশনার নরসিংদী সরকারি কলেজের শিক্ষক সফিকুল ইসলাম বলেন, প্রশাসনের আদেশে বলা হয়, ‘নরসিংদী সদর উপজেলার নরসিংদী পৌরসভার নরসিংদী বাজার এবং তৎসংলগ্ন এলাকায় অদ্য ১১/০১/১৭ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন/প্রতিবাদ সভা নিষিদ্ধ করা হয়েছে।’ গতকাল প্রতিবাদ সভা হয়নি। যেহেতু প্রতিবাদ সভা হয়নি এবং ‘নির্বাচন’ ও ‘প্রতিবাদ সভা’র মাঝে অবলিগ থাকায় নির্বাচন আয়োজনে বাধা ছিল না। নির্বাচন ও প্রতিবাদ সভার মাঝে ‘ও’ থাকলে আদেশ অমান্য করা হতো।
নির্বাচন কমিশনারের বক্তব্যের বিষয়ে জানতে গতকাল রাত ১০টায় ইউএনও সেলিম রেজার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়। জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।