নোয়াখালীর সেনবাগের কাদরা ইউনিয়নের হিজলী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ও তৎসংলগ্ন এলাকায় গতকাল বুধবার বেলা দুইটা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন। একই স্থানে ওয়ার্ড বিএনপি ও আওয়ামী লীগ ইফতার অনুষ্ঠানের আয়োজন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহামঞ্চদ আনোয়ার পাশা গতকাল দুপুরে ওই আদেশ দেন।১৪৪ ধারা জারির আদেশ দেওয়ার পরই সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হিজলী প্রাথমিক বিদ্যালয় এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। ফলে কোনো পক্ষই নির্ধারিত স্থানে তাদের ইফতার অনুষ্ঠান করতে পারেননি। এ ঘটনায় স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মাঝে চাপা উত্তেজনা বিরাজ করছে।উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেলে কাদরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও আওয়ামী লীগ নিজ নিজ দলের পক্ষ থেকে ইফতার অনুষ্ঠানের আয়োজন করে। সকাল থেকে দুই পক্ষই সেখানে ইফতারের আয়োজন করার প্রস্তুতি নেওয়া শুরু করে। এতে দুই পক্ষের কর্মী-সমর্থকদের মাঝে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে প্রশাসনের পক্ষ থেকে দুপুরে ১৪৪ ধারা জারি করা হয়। পরে বিএনপি হিজলী সর্দারবাড়ী জামে মসজিদ ও আওয়ামী লীগ স্থানীয় একটি মার্কেটে ইফতারের অনুষ্ঠান স্থানান্তর করে। ইউনিয়ন বিএনপির সভাপতি সহিদুল ইসলাম বলেন, ‘আমরা এক সপ্তাহ আগে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অনুমোদন সাপেক্ষে সেখানে ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিলের আয়োজন করি। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ হীন রাজনৈতিক উদ্দেশ্যে আমাদের কর্মসূচি ভণ্ডুল করার জন্য একই স্থানে ইফতার মাহফিল করার ঘোষণা দিয়ে পরিস্থিতি ঘোলাটে করে।’বিএনপির অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান দাবি করেন, ‘তাঁরা রমজানের প্রথম দিনই ওই বিদ্যালয়ের সামনে ওয়ার্ড আওয়ামী লীগের ইফতার অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। বিএনপির ইফতার মাহফিল আয়োজনের কথা শুনে তাঁরাও সেখানে একই কর্মসূচি দিয়ে আমাদের আয়োজন বানচালের চেষ্টা চালায়।’