১৪৪ ধারা জারি অনুষ্ঠান পণ্ড
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে দাওয়াত করা হয়েছিল প্রায় ১০ হাজার মানুষকে। তাঁদের জন্য খাবারও রান্না হয়েছিল। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করায় সেই অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।
পুলিশি পাহারায় সাধারণ মানুষকে খাবার বিলিয়ে দেওয়া হয়। গতকাল শনিবার রাজশাহীর মোহনপুরে এ ঘটনা ঘটেছে।
মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) নতুন ভবন হস্তান্তর উপলক্ষে পরিষদের পক্ষ থেকে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। গতকাল শনিবার বেলা তিনটার সময় অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেনের এতে সভাপতিত্ব করার কথা ছিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল রাজশাহীর সংরক্ষিত আসনের সাংসদ আখতার জাহান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিনকে এই অনুষ্ঠানে অতিথি রাখা হয়নি। তাঁর সংসদীয় এলাকায় অনুষ্ঠান হচ্ছে। অন্য একজন সাংসদ সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে আসছেন অথচ স্থানীয় সাংসদের সেখানে নাম নেই। এই নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের কারণেই সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর হোসেন বলেন, পুলিশ অনুষ্ঠানস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা জানিয়ে তাঁকে চিঠি দেয়। এর পরিপ্রেক্ষিতে তিনি দুপুর সাড়ে ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠানস্থলে ১৪৪ ধারা জারি করেন।
চেয়ারম্যান আফজাল হোসেন বলেন, এর আগে ৪ অক্টোবর তাঁকে এবং তাঁর পরিষদকে বাদ দিয়েই ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের নিয়ে সাংসদ আয়েন উদ্দিন এই ভবনের উদ্বোধন করে গেছেন। এবার কোনো উদ্বোধন নয়, শুধু দোয়া ও আলোচনা করে ভবনে উঠে যাওয়ার আয়োজন ছিল। এ জন্য তিনি আর সাংসদকে বলেননি। এই ক্ষোভেই হয়তো তিনি প্রশাসনকে দিয়ে ১৪৪ ধারা জারি করিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বিকেল সোয়া চারটার দিকে ওই এলাকায় বৃষ্টি শুরু হয়। দু-এক ফোঁটা বৃষ্টি পড়া শুরু হলেই পুলিশ বাঁশি বাজিয়ে যাঁরা খাবার নিচ্ছিলেন, তাঁদের অনুষ্ঠানস্থল থেকে সরে যেতে বলে। বিকেল পৌনে পাঁচটার দিকে সেখানে প্রশাসনের লোকজন ছাড়া আর কেউ ছিলেন না। তখনো কিছু খাবার ইউনিয়ন পরিষদের একটি কক্ষে পড়ে ছিল।
কথা বলার জন্য মুঠোফোনে চেষ্টা করলে অনুষ্ঠানের প্রধান অতিথি এ এইচ এম খায়রুজ্জামান লিটনের ফোন বন্ধ পাওয়া যায়। তবে ফোন খোলা থাকলেও সাংসদ আয়েন উদ্দিন ফোন ধরেননি।
পরে সাংসদ আয়েন উদ্দিন ফোন করে প্রথম আলোকে বলেন, স্থানীয় আওয়ামী লীগের কোনো মানুষকে না নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ নিয়ে তাঁদের মধ্যে প্রচুর ক্ষোভের সঞ্চার হয়েছে।