১৪৪ ধারা জারি করায় আ. লীগের অনুষ্ঠান পণ্ড
প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করায় রাজশাহীতে পণ্ড হয়ে গেছে আওয়ামী লীগের একটি অনুষ্ঠান। আজ শনিবার রাজশাহীর মোহনপুরে এ ঘটনা ঘটে।
অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল আজ শনিবার বিকেল তিনটায়। প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে দাওয়াত করা হয়েছিল প্রায় ১০ হাজার মানুষকে। তাঁদের জন্য খাবারও রান্না হয়েছিল। শেষ পর্যন্ত পুলিশ পাহারায় সাধারণ মানুষের মধ্যে সে খাবার বিলিয়ে দেওয়া হয়।
মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের নতুন ভবন হস্তান্তর উপলক্ষে পরিষদের পক্ষ থেকে আলোচনাসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল। এতে সভাপতিত্ব করার কথা ছিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেনের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল রাজশাহীর সংরক্ষিত আসনের সাংসদ আখতার জাহান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিনকে এই অনুষ্ঠানে কোনো ধরনের অতিথি রাখা হয়নি। তাঁর সংসদীয় এলাকায় অনুষ্ঠানে হচ্ছে। অন্য একজন সাংসদ সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে আসছেন অথচ স্থানীয় সাংসদের সেখানে নাম নেই। এই নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের কারণেই সেখানে জারি করা হয় ১৪৪ ধারা।
মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর হোসেন জানান, পুলিশ অনুষ্ঠানস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা জানিয়ে তাঁকে চিঠি দেয়। এর পরিপ্রেক্ষিতে বেলা সাড়ে ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠানস্থলে ১৪৪ ধারা জারি করেন তিনি। আজ বিকেল পৌনে চারটার দিকে পুলিশসহ তিনি অনুষ্ঠানস্থলেই অবস্থান করছিলেন।
ইউএনও জানান, ১৪৪ ধারা জারির পাশাপাশি তাঁরা মানুষকে বুঝিয়ে শান্ত রাখার চেষ্টা করেছেন, যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতি না ঘটে।
চেয়ারম্যান আফজাল হোসেন জানান, ইউনিয়নের সাধারণ মানুষকে নিয়ে তিনি এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছে, অনুষ্ঠান করলে আওয়ামী লীগের নেতাদের দাওয়াত করতে হয়—তাই তিনি করেছেন। প্রায় ১০ হাজার মানুষকে দাওয়াত করেছিলেন। তাদের জন্য ২৫ মণ চাল রান্না করা হয়েছে। হঠাৎ দুপুরের দিকে ইউএনও ১৪৪ ধারা জারি করেন।
তিনি বলেন, এর আগে ৪ অক্টোবর তাঁকে এবং তাঁর পরিষদকে বাদ দিয়েই ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের নিয়ে সাংসদ আয়েন উদ্দিন এই ভবনের উদ্বোধন করে গেছেন। এবার কোনো উদ্বোধন নয়, শুধু দোয়া ও আলোচনা করে ভবনে উঠে যাওয়ার আয়োজন ছিল। এ জন্য তিনি আর সাংসদকে বলেননি। এই ক্ষোভেই হয়তো তিনি প্রশাসনকে দিয়ে ১৪৪ ধারা জারি করিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বিকেল সোয়া চারটার দিকে ওই এলাকায় বৃষ্টি শুরু হয়। দু-এক ফোঁটা বৃষ্টি পড়া শুরু হলেই পুলিশ বাঁশি বাজিয়ে যারা খাবার নিচ্ছিলেন তাদের অনুষ্ঠানস্থল থেকে সরে যেতে বলেন। বিকেলে পৌনে পাঁচটার দিকে সেখানে প্রশাসনের লোকজন ছাড়া আর কেউ ছিলেন না। তখনো অবিলিকৃত কিছু খাবার ইউনিয়ন পরিষদের একটি কক্ষে পড়েছিল।
অনুষ্ঠানের প্রধান অতিথি এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। অন্যদিকে মুঠোফোনে রিংটোন হলেও সাংসদ আয়েন উদ্দিন ফোন ধরেননি।