১৪৪ ধারা জারি করায় আ.লীগ ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশ হয়নি
প্রশাসন ১৪৪ ধারা জারি করায় ময়মনসিংহের ভালুকা উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ডাকা পূর্বঘোষিত সমাবেশ হয়নি। গতকাল রোববার বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার মেদুয়ারী ইউনিয়নের পানিভান্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল গতকাল বিকেলে ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশের আয়োজন করে। একই স্থানে মেদুয়ারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগও সমাবেশ ডাকে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মোহাম্মদ আলী ওই স্থানে গতকাল ভোর ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন।জানতে চাইলে ইউএনও খন্দকার মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, দুই দলের কেউই সমাবেশ করতে অনুমতি নেয়নি। তা ছাড়া তারা একই স্থানে সমাবেশ ডাকায় সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাজাহারুল ইসলাম বলেন, দুই দলের মধ্যে যেকোনো ধরনের সহিংসতা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।