বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা বলেছেন, বর্তমান সরকার ১৪৪ ধারা জারি করে বিএনপির অগ্রযাত্রা ব্যাহত করতে চাইছে। বিএনপির অগ্রযাত্রা এভাবে দমিয়ে রাখা যাবে না। একসময় দেশের মানুষ যখন এই সরকারের বিরুদ্ধে ১৪৪ ধারা জারি করবে, তখন তারা কেউ আর ঘর থেকে বের হতে পারবে না।বিএনপি ভালুকা শাখার আয়োজনে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার হাজির বাজার বাসস্ট্যান্ড-সংলগ্ন রহমতে আলম একাডেমি মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।বিএনপির ভালুকা শাখার সভাপতি ফখর উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে ওই সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম, শিল্পবিষয়ক সম্পাদক এ কে এম মোশাররফ হোসেন, কেন্দ্রীয় নেতা হাবিব-উন-নবী খান সোহেলসহ স্থানীয় ও জেলা পর্যায়ের বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।উল্লেখ্য, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় বিএনপি শুক্রবার দুপুর দুইটায় সময় নির্ধারণ করে ভালুকা পাইলট উচ্চবিদ্যালয় মাঠে দলীয় সমাবেশের আয়োজন করে কয়েক দিন ধরে প্রচার চালায়। অপরদিকে স্বেচ্ছাসেবক লীগ ভালুকা উপজেলা শাখা একই স্থানে একই দিন একই সময়ে সভা আহ্বান করে প্রচার চালাতে শুরু করে। পাশাপাশি স্থানীয় ছাত্রলীগ ভালুকা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে, শ্রমিকলীগ ভালুকা ডিগ্রি কলেজ মাঠে, যুবলীগ হালিমুন নেছা চৌধুরাণী বালিকা উচ্চবিদ্যালয় মাঠে ও উপজেলা কৃষকলীগ প্রস্তাবিত ভালুকা মহিলা কলেজ মাঠে একই সময়ে সমাবেশ আহ্বান করে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা দেখা দিলে উভয় পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানের চেষ্টা করেও বৃহস্পতিবার বিকেল পর্যন্ত প্রশাসন কোনো সমাধান করতে পারেনি।পরে বিকেলে প্রশাসনের পক্ষ থেকে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে ভালুকা পৌর সদরের উল্লিখিত পাঁচটি স্থানসহ আশপাশ এলাকায় শুক্রবার ভোর ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় শুক্রবার সকাল থেকেই উপজেলা সদর ও আশপাশ এলাকায় থানার পুলিশসহ তিন প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়। বাধ্য হয়ে বিএনপি শুক্রবার বিকেলে ১১৪ ধারা জারি করা এলাকার বাইরে হবিরবাড়ী এলাকায় সমাবেশ করতে চাইলে পুলিশ তা করতে দেয়নি। পরে হাজির বাজারের রহমতে আলম একাডেমি মাঠে বিএনপির ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।