১৪৪ ধারা ভঙ্গ করে আ.লীগের মিছিল-সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়ায় জেএসসি পরীক্ষা চলাকালে ১৪৪ ধারা ভঙ্গ করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সভা করেছেন। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এতে পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের নেতৃত্বে সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। ওই কর্মসূচির অংশ হিসেবে গত বৃহস্পতিবার বেলা ১১টায় সংগঠনগুলোর আগৈলঝাড়া শাখার নেতা-কর্মীরা ১৪৪ ধারা ভঙ্গ করে উপজেলা সদরের বিএইচপি একাডেমি স্কুলকেন্দ্রের ফটকে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন।অভিভাবক আলমগীর হোসেন, বিজয় দাসসহ একাধিক ব্যক্তি জানান, উপজেলা প্রশাসন মাইকিং করে পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশে কোনো সভা-সমাবেশ না করার জন্য ১৪৪ ধারা জারি করে। কিন্তু ১৪৪ ধারা ভঙ্গ করে ক্ষমতাসীন দল পুলিশের উপস্থিতিতে পরীক্ষাকেন্দ্রের গেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক ইউসুফ মোল্লার সভাপতিত্বে ওই পথসভায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসীম সরদার, ছাত্রলীগ নেতা আবু সালেহ লিটন প্রমুখ বক্তব্য দেন। পরীক্ষাকেন্দ্রের কেন্দ্রসচিব যতীন্দ্রনাথ মিস্ত্রি বলেন, ‘১৪৪ ধারা ভঙ্গ করেছে কি না, তা ম্যাজিস্ট্রেটকে জিজ্ঞাসা করুন।’ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ মোল্লা বলেন, এতে পরীক্ষার কোনো ক্ষতি হয়নি। ইউএনও মো. আবুল কালাম তালুকদার বলেন, ‘বিষয়টি ধরতে গেলে অনেক কিছু। না ধরলে কিছুই না। ধারা ভঙ্গের আওতায় পড়লেও পরীক্ষায় কোনো প্রভাব পড়েনি।’