ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা আওয়ামী লীগের পাল্টাপাল্টি আহ্বায়ক কমিটি গঠন নিয়ে বিলুপ্ত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের মধ্যে উত্তেজনা বেড়ে চলেছে।
দুটি পক্ষই গতকাল শনিবার দলীয় কার্যালয়ে একই সময় কর্মিসভা আহ্বান করায় প্রশাসন ওই কার্যালয়সহ শহরের কয়েকটি স্থানে ১৪৪ ধারা জারি করে। কিন্তু বিলুপ্ত কমিটির সভাপতি ছফিউল্লাহ পক্ষ তা ভঙ্গ করে সমাবেশ ও আনন্দ মিছিল করেছে।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১২ সালের ৩১ জানুয়ারি সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। ওই কমিটির সভাপতি হন ছফিউল্লাহ মিয়া আর সাধারণ সম্পাদক হানিফ মুন্সি। পরে পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিরোধের সূত্র ধরে ছয় মাস আগে ছফিউল্লাহ সভাপতির পদ থেকে সরে দাঁড়ান। এ অবস্থায় দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য ১০ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে ছফিউল্লাহকে আহ্বায়ক করে ৬১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
এই কমিটি মেনে না নিয়ে হানিফ মুন্সি ওই দিন সন্ধ্যায় মাহবুবুর রহমানকে আহ্বায়ক করে ৪১ সদস্যের পাল্টা কমিটি ঘোষণা করেন। একই দিন উভয় পক্ষ নিজেদের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলও করে।
এদিকে করণীয় নির্ধারণ করতে ছফিউল্লাহ পক্ষ গতকাল বেলা ১১টায় দলীয় কার্যালয়ে কর্মিসভা আহ্বান করে। একই দিন একই জায়গায় পাল্টা কর্মসূচি দেয় হানিফ পক্ষ। সংঘাত এড়াতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এরপর ছফিউল্লাহ পক্ষ দুপুরে রেলগেট এলাকায় জড়ো হয়। এ সময় হানিফ পক্ষ জড়ো হয় গোলচত্বর এলাকায়। পুলিশ উভয় পক্ষকে স্থান ত্যাগ করার অনুরোধ জানায়। একপর্যায়ে হানিফ পক্ষ সরে দাঁড়ালেও ছফিউল্লাহ পক্ষ সরেনি। পরে তারা সেখানে সমাবেশ করে। সমাবেশ শেষে ছফিউল্লাহর নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
হানিফ মুন্সি অভিযোগ করেন, একজন পদত্যাগী নেতাকে নেতৃত্বে এনে দলের ক্ষতি ডেকে আনা হয়েছে। আর এ কাজটি করেছেন সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘কমিটি গঠন করেছে জেলা আওয়ামী লীগ। আমি কিছুই করিনি।’
জেলা কমিটি ঘোষিত যুগ্ম আহ্বায়ক ও ছফিউল্লাহ পক্ষের খোরশেদুল ইসলাম বলেন, হানিফ পক্ষ সাংসদ মোকতাদির চৌধুরীকে অকথ্য ভাষায় গালমন্দ করেছে। এ কথা জেনে দলের নেতা-কর্মীরা আর ঘরে বসে থাকতে পারেননি। তবে তাঁরা রেলগেটসংলগ্ন বালুর মাঠে জড়ো হয়েছিলেন। ওই স্থানটি ১৪৪ ধারার বাইরে ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ বলেন, শনিবার সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত আওয়ামী লীগের কার্যালয়, বাজার, রেলগেট ও ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বর এলাকায় ১৪৪ ধারা জারি ছিল। তবে একটি পক্ষ পুলিশি বাধা সত্ত্বেও মিছিল ও সমাবেশ করেছে বলে তিনি জেনেছেন।