১৪৪ ধারা ভঙ্গ করে পদবঞ্চিতদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার কান্তনগর বাজার এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে গত রোববার বিকেলে বিএনপির পদবঞ্চিত নেতা-কর্মীরা সমাবেশ করেছেন। দলটির নতুন কমিটিগুলোয় পদ পাওয়া ও পদবঞ্চিতরা পাল্টাপাল্টি সভা আহ্বান করায় উপজেলা প্রশাসন সেখানে শনিবার রাতে ১৪৪ ধারা জারি করে।দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর বাজার এলাকায় বিএনপির উপজেলাসহ বিভিন্ন শাখার নতুন কমিটি থেকে বাদ পড়া নেতা-কর্মীদের উদ্যোগে রোববার বিকেলে সমাবেশের আয়োজন করা হয়।আয়োজক কমিটির সমন্বয়কারী এস এম রাসেল জানান, ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে সাবেক সাংসদ গোলাম মো. সিরাজ উপস্থিত ছিলেন। এদিকে একই স্থানে কালেরপাড়া ইউনিয়ন বিএনপি মূল দলের পক্ষ থেকে কর্মিসভা আহ্বান করেন। ইউনিয়ন বিএনপির সভাপতি মাহতাব হোসেন জোয়ার্দার জানান, কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা জানে আলম খোকা উপস্থিত থাকার কথা ছিল।ধুনট থানার পুলিশ জানায়, একই স্থানে দুই পক্ষের পাল্টাপাল্টি সভা আহ্বান নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত রোববার সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।