১৪৪ ধারা ভেঙে ধরা হলো মাছ
রাজশাহীর বাগমারার বাসুপাড়া ইউনিয়নের নাককাটি বিলে গতকাল শনিবার ১৪৪ ধারা ভেঙে কয়েক শ মৎস্যজীবী ও এলাকাবাসী বিলে নেমে মাছ শিকার করেছেন। ইউপি চেয়ারম্যানের লোকজনকে বিলের আশপাশে দেখা যায়নি। বিলে এখনো ১৪৪ ধারা বহাল আছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে কয়েক শ মৎস্যজীবী এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিলে মাছ ধরতে নেমে পড়েন। কয়েক ঘণ্টা ধরে চলে মাছ শিকার।
বাসুপাড়া ইউপি চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান বিলটি দখল করে মাছ চাষ শুরু করেছিলেন। বিলটি উন্মুক্ত রাখার দাবি জানিয়ে এলাকাবাসী বিভিন্ন দপ্তরে আবেদন করেন। এ নিয়ে গতকাল প্রথম আলোতে ‘এলাকাবাসীকে বঞ্চিত করে চেয়ারম্যানের বিল দখল’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।
মৎস্যজীবী মোজামেঞ্চল হক, আমজাদ হোসেন ও লালু জানান, মাছ ধরতে না পেরে আয়ের পথ বন্ধ হয়ে তাঁরা কষ্টে ছিলেন। নিরুপায় হয়ে তাঁরা মাছ ধরেছেন। তবে ১৪৪ ধারার বিষয়ে তাঁরা কিছু জানেন না বলে দাবি করেছেন।
স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য দেলশাদ আলী জানান, এলাকার লোকজন বিলটি উন্মুক্ত রাখার দাবি জানিয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করেছিলেন। কিন্তু দখলদার চেয়ারম্যানকে রক্ষায় প্রশাসন বিলে ১৪৪ ধারা জারি করে। তবে শেষ পর্যন্ত জীবনের তাগিদে মৎস্যজীবী ও সাধারণ লোকজন বিলের দখল নিয়ে নিয়েছেন। বাগমারা থানার ওসি আবদুল হামিদ জানান, সংঘর্ষ এড়ানোর আশঙ্কায় বিলে এখনো ১৪৪ ধারা জারি আছে।