১৪৪ ধারা ভেঙে বাড়ি ভাঙচুর, দখলের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের আলীপুর গ্রামে গত মঙ্গলবার রাতে বিরোধপূর্ণ সম্পত্তিতে বসতঘর ও গাছপালা ভেঙে জমি দখলের চেষ্টা করা হয়েছে। এর আগে ওই জমিতে আদালতের নির্দেশে থানা পুলিশ ১৪৪ ধারা জারি করে।জানা গেছে, ওই গ্রামের সাড়ে ৭ শতাংশ জমি নিয়ে আবদুল করিম ও মহিবুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিক সালিসও হয়েছে। সর্বশেষ ১৯ অক্টোবর আবদুল করিম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলার আরজিতে তিনি বিরোধপূর্ণ সম্পত্তিতে কোনো স্থাপনা না গড়ার জন্য ১৪৪ ধারা জারির আবেদন জানান। আদালত লক্ষ্মীপুর সদর থানার পুলিশকে ১৪৪ ধারা জারি করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। থানা পুলিশ ওই দিনই ওই সম্পত্তিতে ১৪৪ ধারা জারি করে।গ্রামবাসীর অভিযোগ, নিষেধাজ্ঞা জারির পর দখলে নেওয়ার জন্যই আবদুল করিম মঙ্গলবার রাতে লোকজন দিয়ে মহিবুরের বাড়িটি ভেঙে দেন। এ ব্যাপারে মহিবুর রহমান গতকাল বুধবার লক্ষ্মীপুর সদর থানায় লিখিত একটি অভিযোগ দিয়েছেন। স্থানীয় ইউপি সদস্য মোক্তার হোসেনও বলেন, আবদুল করিমের লোকজনই মহিবুরের ঘর ভেঙে দিয়েছে। ওই গ্রামের শিক্ষক ফছিউল আলম বলেন, ‘বিকেলেও বাড়িটা ছিল। রাতে দেখি নাই। গাছপালা কেটে তছনছ করা হয়েছে।’অভিযুক্ত আবদুল করিম দাবি করেন, বিতর্কিত জমি ও বাড়িটি তাঁর কেনা সম্পত্তি। এ জমি তাঁর দখলে ছিল। সম্প্রতি মহিবুর রহমান সেখানে একটি দোচালা টিনের ঘর তোলেন ও গাছপালা লাগান। ভবিষ্যতে মহিবুর যেন এ জমিতে কোনো স্থাপনা গড়তে না পারেন, সে জন্য তিনি আদালতের আশ্রয় নিয়েছেন। আবদুল করিম দাবি করেন, কে বা কারা ঘর ও গাছপালা ভেঙেছে, তা তিনি জানেন না।বিরোধপূর্ণ সম্পত্তিতে ১৪৪ ধারা জারির সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, অভিযোগ ও মামলাগুলো তদন্তাধীন।