১৪৪৮ কোটি টাকা ফেরতের নির্দেশ ১৩ জনকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির ১৩ জন কর্মকর্তা এক হাজার ৪৪৮ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৯৫২ টাকা আত্মসাৎ করেছেন। এই ১৩ জনের কাছ থেকে অর্থ আদায়ের উদ্যোগ নিয়েছে সরকার।
এসব অর্থ ডেসটিনি কো-অপারেটিভের কাছে ফেরত দিতে ১৩ জনের কাছে দুই দফায় নির্দেশ দিয়েছে সমবায় অধিদপ্তর। অর্থ পরিশোধ করতে হবে ১২০ দিনের মধ্যে। অবশ্য এরই মধ্যে দুই মাস ২০ দিন পার হয়ে গেছে।
সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক অমিয় কুমার চট্টোপাধ্যায় প্রথম আলোকে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে তাঁদের বিরুদ্ধে সমবায় আইন অনুযায়ী ব্যবস্থা নেবে অধিদপ্তর।
২০১৩ সালের সংশোধিত সমবায় সমিতি আইনে বলা আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসাৎ করা টাকা সমিতিতে জমা না দিলে সাত বছরের কারাদণ্ড কিংবা আত্মসাৎ করা অর্থ বা সম্পদের সমপরিমাণ মূল্যের দ্বিগুণ অর্থদণ্ডে কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে।
ডেসটিনি কো-অপারেটিভের অনিয়ম তদন্তে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশে গত বছরের ৪ এপ্রিল সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক অমিয় কুমার চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি ডেসটিনি কো-অপারেটিভে এক হাজার ৪৪৮ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৯৫২ টাকার অনিয়ম খুঁজে পায়।
পরে ১৬ অক্টোবর অধিকতর তদন্তের জন্য অধিদপ্তরেরই আরেক অতিরিক্ত নিবন্ধক মো. সাইদুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়। ১৩ জন অনিয়মে জড়িত উল্লেখ করে চূড়ান্ত দায় নির্ধারণ করেন এই তদন্তকারী কর্মকর্তা।
সমবায় অধিদপ্তর সূত্র জানায়, অনিয়মে জড়িত ব্যক্তিদের চূড়ান্ত দায় নির্ধারণের পর টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে একটি চিঠি তৈরি করে অধিদপ্তরের সমবায় সমিতি শাখা। কিন্তু জড়িত সবাই কারাগারে আটক থাকায় ডেসটিনি কো-অপারেটিভের কার্যালয়ে ওই ১৩ জনের ঠিকানা চায় অধিদপ্তর। ডেসটিনির কার্যালয় থেকে এক মাসেরও বেশি সময় পর সেসব ঠিকানা দেওয়া হয়।
১৮ জুন ডাকযোগে ১৩ জনের স্থায়ী ঠিকানায় আত্মসাৎ করা টাকা জমা দেওয়ার নির্দেশসংবলিত চিঠি পাঠায় অধিদপ্তর। কিন্তু দু-তিনজন ছাড়া কারও পরিবারের সদস্যরাই সেই চিঠি গ্রহণ করেননি। সে কারণে ২৮ জুলাই কারা কর্তৃপক্ষের মাধ্যমে সরাসরি তাঁদের কাছে দ্বিতীয় দফায় চিঠি পাঠানো হয়।
অনিয়মের জন্য চিহ্নিত ১৩ জনের মধ্যে ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন একাই ১২৯ কোটি ৮৭ লাখ ২০ হাজার ৬৬১ টাকার অনিয়ম করেছেন।
এ ছাড়া ডেসটিনি কো-অপারেটিভের ব্যবস্থাপনা কমিটির সাবেক কর্মকর্তা গোফরানুল হক ১২৭ কোটি ৭১ লাখ ৯০ হাজার ৬৯ টাকা, আকবর হোসেন ১১৯ কোটি নয় লাখ ৬১ হাজার ৯৬৪ টাকা, ইরফান আহমেদ ১১৮ কোটি ৮৮ লাখ ৩০ হাজার ৬৫ টাকা, সাইদুল ইসলাম খান ১১৮ কোটি ৮৮ লাখ ৩০ হাজার ৬৮ টাকা, মজিবুর রহমান ১১৮ কোটি ৮৮ লাখ ৩০ হাজার ৭৩ টাকা, রফিকুল ইসলাম সরকার ১১৮ কোটি ৮৮ লাখ ৩০ হাজার ৭৫ টাকা, শিরীন আক্তার ১১৮ কোটি ৮৮ লাখ ৩০ হাজার ৭৪ টাকা, আবুল কালাম আজাদ ১১৮ কোটি ৮৮ লাখ ৩০ হাজার ৭৮ টাকা, আজাদ রহমান ১১৮ কোটি ৮৮ লাখ ৩০ হাজার ৮১ টাকা, জাকির হোসেন ১১৮ কোটি ৮৮ লাখ ৩০ হাজার ৮৩ টাকা, সুমন আলী খান ১১৮ কোটি ৮৮ লাখ ৩০ হাজার ৭১ টাকা এবং সায়েদুর রহমান দুই কোটি ১৫ লাখ ৩০ হাজার ৫৯০ টাকার অনিয়মের সঙ্গে জড়িত।