কিশোরগঞ্জ পৌরসভার উন্নয়নে ৮০ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। সরেজমিনে পরিদর্শন করে দাতা সংস্থা বিশ্বব্যাংক ও এডিবির কর্মকর্তারা সেসব কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।এদিকে ৬৫ কোটি টাকায় নরসুন্দা নদীর শহর অংশে লেকসিটি নির্মাণকাজ এখনো শুরুই হয়নি। এতে পৌর উন্নয়ন ও লেকসিটি নির্মাণ প্রকল্প দুটি ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে।এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রকল্প পরিচালক সৈয়দ শাহদাত হোসেন ৫ মার্চ পানি সরবরাহ কাজ দেখতে এসে কাজের গতি ও মান নিয়ে প্রশ্ন তোলেন। পরে তিনি হতাশা ব্যক্ত করে বলেন, এভাবে কাজ চললে ভবিষ্যতে পৌরসভায় এডিবি কোনো প্রকল্প অনুমোদন দেবে না।কিশোরগঞ্জ পৌরসভা ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) সূত্রে জানা যায়, ২০১১-১২ অর্থবছরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ১৪৫ টাকা ব্যয়ে প্রকল্প দুটি প্রণয়ন করা হয়। এতে বিশ্বব্যাংক ও এডিবি অর্থায়ন করে। এর মধ্যে সড়ক সংস্কার, নালা নির্মাণ, বিভিন্ন মহল্লায় পানি সরবরাহ, চারটি কাঁচা বাজার (কিচেন মার্কেট) নির্মাণ, গণশৌচাগার ও বাস টার্মিনালের উন্নয়নের জন্য ৮০ কোটি টাকা অর্থায়ন করা হয়। পৌর প্রকৌশল বিভাগ এ কাজের দেখভাল করছে। আর লেকসিটি নির্মাণের ৬৫ কোটি টাকার কাজ তদারকির দায়িত্ব পায় এলজিইডি। কিন্তু সংশ্লিষ্ট বিভাগ লেকসিটি নির্মাণ প্রকল্পের জরিপকাজ এখনো শুরু করতে পারেনি। তাই বরাদ্দ করা পাঁচ কোটি টাকা আগামী জুনে ফেরত যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।পৌরসভা সূত্রে জানা যায়, বিশ্বব্যাংকের পরামর্শক মো. নূরুল হক গত ৪ ফেব্রুয়ারি বড় বাজার এলাকায় নালা নির্মাণকাজ দেখতে এসে বিস্ময় প্রকাশ করেন। বিশ্বব্যাংকের অর্থায়নে চারটি কাঁচা বাজার নির্মাণকাজের দরপত্র গত বছরের নভেম্বরে আহ্বান করা হয়। পরের মাসেই কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু বাজারগুলো কোথায় হবে, সে স্থান নির্ধারণ করে না দেওয়ায় এখনো নির্মাণকাজ শুরু হয়নি। এমন পরিস্থিতি দেখে পরামর্শক অর্থ প্রত্যাহার করে নেওয়ার কথা বলেন। পরে গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে সে সিদ্ধান্ত থেকে সরে আসেন মো. নূরুল হক। এরপর দেড় মাস পেরিয়ে গেলেও কাজ শুরু হয়নি।সরেজমিনে দেখা গেছে, শহরের পুরাতন কোর্ট রোড সড়ক সংস্কারের নামে সামান্য পাথরমিশ্রিত বিটুমিনের প্রলেপ দিয়ে কোনোভাবে কাজ শেষ করা হয়েছে। একই অবস্থা শোলাকিয়া জোড়াপুকুর পাড় সড়কের। গৌরাঙ্গ বাজার এলাকায় সড়ক উন্নয়ন, গাইটাল এলাকায় হাফিজ কেরানির বাসা থেকে সার্কিট হাউস পর্যন্ত নালা ও স্লাব নির্মাণে নিম্নমানের ইট ও প্রয়োজনীয় সিমেন্ট দেওয়া হয়নি বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। পূর্ব তারাপাশার জুগিপাড়া এলাকায় সড়ক ও নালা নির্মাণে নিম্নমানের কাজ হচ্ছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন।জানা যায়, শহরের খড়মপট্টি, কোর্ট রোড, বত্রিশ, নগুয়াসহ ৩০টি মহল্লায় ছোট-বড় অর্ধশতাধিক নালা নির্মাণের কাজ চলছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় অনেক স্থানের স্লাব এরই মধ্যে ভেঙে গেছে। কোর্ট রোড এলাকার সাদেকুর রহমানসহ একাধিক বাসিন্দা অভিযোগ করেন, পৌরসভায় এর আগে এত নিম্নমানের কাজ কখনো হয়নি।খোঁজ নিয়ে জানা গেছে, এসব কাজে পৌরসভার কাউন্সিলররা সম্পৃক্ত। তা ছাড়া ক্ষমতাসীন ও বিরোধী দলের কিছু প্রভাবশালী নেতা-কর্মী সিন্ডিকেটের মাধ্যমে কাজগুলো করছেন।শহীদুল হকসহ একাধিক ঠিকাদার জানান, দরপত্র অনুযায়ী কাজ হচ্ছে। প্রকৌশল বিভাগের সঙ্গে তাঁদের ভালো সম্পর্ক রয়েছে। সুতরাং ভালো কাজ করতে তাঁদের কোনো সমস্যা নেই।পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবদুস সালাম মিয়া বলেন, ‘বড় কাজগুলো বাইরের ঠিকাদারের লাইসেন্সে স্থানীয় প্রভাবশালীরা করে থাকেন। এসব কারণে সঠিক কাজ হয়নি।’জানতে চাইলে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাজহারুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘চূড়ান্ত বিল তোলার সময় কাজের মান দেখে বিল দেওয়া হবে।’ অন্যান্য উন্নয়ন কাজ যথাসময়ে শেষ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।কিশোরগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী তোজাম্মেল হোসেন বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ বিভিন্ন মহল্লায় পানি সরবরাহের কাজ করছে। পৌর প্রকৌশল বিভাগের প্রযুক্তিগত ধারণা ও সহযোগিতা না থাকায় কাজের গতি হতাশাব্যঞ্জক। ভবিষ্যতে এডিবি অর্থ ও প্রকল্প কোনোটাই দেবে—এমনটা আশা করা ঠিক হবে না।এলজিইডির নির্বাহী প্রকৌশলী গৌতম প্রসাদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নরসুন্দা প্রকল্প দ্রুত বাস্তবায়নের চেষ্টা করছি। দেখা যাক কী হয়।’কিশোরগঞ্জ নাগরিক অধিকার কমিটির সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘এত টাকা বরাদ্দ পৌরসভা আগে কখনো পায়নি। তবে নিম্নমানের কাজের অসংখ্য অভিযোগ পেয়েছি। ৫০-৬০ টাকার কাজ করে ১০০ টাকা বিল করে নিয়ে যাচ্ছে। টাকা পাওয়ার পরও পৌর কর্তৃপক্ষ সঠিকভাবে কাজ করতে পারছে না, জনগণ তা মেনে নেবে না।’