১৪৫ জনের মধ্যে দুই ভোটার অনুপস্থিত, পড়েছে ১৪৭ ভোট!
চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির নির্বাচন গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১৪৫ হলেও ভোট পড়েছে ১৪৭টি। নির্ধারিত ১৪৫টির মধ্যে আবার দুজন ভোটার অনুপস্থিত ছিলেন। ভুতুড়ে এই চারটি ভোটের কারণে নির্বাচনে কারচুপি হয়েছে বলে অভিযোগ করছেন পরাজিত প্রার্থীরা। জানা গেছে, গত বৃহস্পতিবার রাতেই ১৪৭ ভোট পড়েছে দেখিয়ে তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতির নির্বাচনের বেসরকারিভাবে ফল ঘোষণা করা হয়। নির্বাচনে ১৫টি পদে ৩১ জন প্রার্থী অংশ নেন। প্রধান নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক মো. নূর হোসেন ভূঁইয়ার সই করা ফলাফলে দেখা যায়, সহসভাপতি পদে মো. জাকারিয়া চৌধুরী ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী আবুল বশর চৌধুরীর প্রাপ্ত ভোট ৫৮। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোট যোগ করলে দেখা যায় তাঁরা ১৪৭ ভোট পেয়েছেন। তবে অন্যান্য পদে ভোটদানকারী ভোটারের সংখ্যা ১৪৩ জনের বেশি হয়নি। কীভাবে বাড়তি এই চার ভোট পড়ল, তা বোধগম্য নয় নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের। এ প্রসঙ্গে সভাপতি পদে পরাজিত প্রার্থী সেলিম রেজা বলেন, ‘নির্বাচনে চারটি ভোট কীভাবে বেশি পড়ল, তা আমাদের বোধগম্য নয়। আমি মনে করি, এতে কোনো কারচুপি হয়েছে কি না, তা খতিয়ে দেখা উচিত।’জানা গেছে, নির্বাচনের আগে নির্বাচন কমিশনারের কার্যালয় ১৪৫ জন ভোটারের নাম ও ভোটার নম্বরসংবলিত তালিকা প্রকাশ করে। ওই তালিকার মধ্যে শাহনাজ পারভিন (ভোটার নম্বর ৫৫) মাতৃত্বকালীন ছুটিতে এবং মাহবুব হাসান (ভোটার নম্বর ১৩৬) প্রেষণে ঢাকায় রয়েছেন। তাঁরা ভোটকেন্দ্রে আসেননি বলে জানা গেছে। নির্বাচনের আগে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন নির্ধারণ করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার করা হয় সহকারী অধ্যাপক নূর হোসেন ভূঁইয়াকে। তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। প্রধান নির্বাচন কমিশনার নূর হোসেন ভূঁইয়া নির্বাচনে কোনো কারচুপি হয়নি বলে দাবি করেন। তিনি বলেন, ‘নির্বাচনে ১৪৩ ভোট পড়ছে। যদি ১৪৭ ভোট কোনো একটি পদে পড়ে তাহলে তা ফলাফল শিটে তুলতে ভুল হয়ে গেছে। আর যে পদে ভোট বেশি পড়েছে সেখানে দুই প্রার্থীর ব্যবধানও অনেক। এখানে কোনো কারচুপি হয়নি। এটা স্রেফ ভুল।’