১৪৫০ কি.মি. অপটিক্যাল ফাইবার কেব্ল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার
তথ্য ও টেলিযোগাযোগ ক্ষেত্রে উন্নয়নের গতি বাড়াতে দেশে এক হাজার ৪৫০ কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেব্ল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।গত বৃহস্পতিবার তথ্যপ্রযুক্তিনির্ভর ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টেলিযোগাযোগমন্ত্রী এ তথ্য দেন। প্রথম আলোর সহযোগিতায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্যোক্তা সোসাইটি (ইয়েস ক্লাব) এ প্রতিযোগিতার আয়োজন করে। টেলিযোগাযোগমন্ত্রী বলেন, এ মাস থেকেই স্বল্প খরচে ল্যাপটপ বিক্রি শুরু হবে। তা ছাড়া এ বছরই দেশে মুঠোফোনে থ্রি-জি প্রযুক্তি চালু করা হবে।অনুষ্ঠানে অন্য আলোচকেরা বলেন, এ ধরনের প্রতিযোগিতা ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আগ্রহ বাড়াবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী ও সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নের মধ্যে এটি সেতুবন্ধ হিসেবে কাজ করবে।প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ‘টিম মাউস’-এর মো. সাইমুম হোসেন, মহসিন কাদের ও বাঁধন মজুমদার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ‘টিম নিলয়’ প্রথম রানারআপ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘টিন ইনভিন্সিবল’ দ্বিতীয় রানারআপ হয়েছে। টেলিযোগাযোগমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।আয়োজকেরা জানান, এ প্রতিযোগিতায় দেশের ১৭টি সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০টি দল অংশ নেয়। মূল পর্বে পাঁচটি দল তাদের ব্যবসায় পরিকল্পনা উপস্থাপন করে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জিয়া আহমেদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাফিজ জি এ সিদ্দিকী, সহ-উপাচার্য এস এ এম খায়রুল বাসার, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।