১৪৬ কোটি টাকার চিনি অবিক্রীত পড়ে আছে
দেশের ছয়টি সরকারি চিনিকলে এবার ২৯ হাজার ২১২ মেট্রিক টন চিনি অবিক্রীত পড়ে আছে। প্রতি মেট্রিক টন চিনির দাম ৫০ টাকা ধরে ওই পরিমাণ চিনির দাম দাঁড়ায় ১৪৬ কোটি ছয় লাখ টাকা। বেসরকারি চিনিকলের তুলনায় সরকারি চিনিকলে উৎপাদিত চিনির দাম বেশি হওয়ায় ওই পরিমাণ চিনি অবিক্রীত রয়ে গেছে।সরকারি চিনিকলের প্রতি কেজি চিনির দাম ৫০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। অপর দিকে বেসরকারি চিনিকলে উৎপাদিত চিনি প্রতি কেজি ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এ কারণে ডিলাররা সরকারি চিনিকল থেকে চিনি উত্তোলন করছেন না। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:গাইবান্ধা: গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনিকলে এক হাজার ৩০৬ মেট্রিক টন চিনি অবিক্রীত রয়েছে, যার মূল্য দাঁড়ায় ছয় কোটি ৫৩ লাখ টাকা। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেক বলেন, বেসরকারি চিনিকলগুলো বিভিন্ন দেশ থেকে কাঁচামাল এনে চিনি উৎপাদন করছে। এতে উৎপাদন খরচ কম হওয়ায় তাঁরা কম দামে চিনি বিক্রি করতে পারছে। কিন্তু সরকারি চিনিকলগুলোয় আখ থেকে চিনি উৎপাদন করায় খরচ বেশি পড়ছে। এ কারণে সরকারি চিনিকলগুলো বেসরকারি চিনিকলের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছে না।জয়পুরহাট: গত অর্থবছরে জয়পুরহাট চিনিকলে চার হাজার ৪৩৮ মেট্রিক টন চিনি অবিক্রীত রয়েছে, যার বর্তমান বাজার মূল্য ২২ কোটি ১৯ লাখ টাকা। রোজার ঈদ সামনে রেখে মাইকিং করে জনসাধারণের মধ্যে চিনি বিক্রি করছে চিনিকল কর্তৃপক্ষ। নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী জানান, রোজা ও ঈদ সামনে রেখে ভারত থেকেও চোরাই পথে কিছু চিনি আসছে। ভারতীয় ওই চিনি ৪৯ কেজি টাকা দরে বিক্রি হচ্ছে।লালপুর (নাটোর): লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলে ১০ হাজার ৩৯২ মেট্রিক টন চিনি গুদামে মজুদ রয়েছে, যার দাম ৫১ কোটি ৯৬ লাখ টাকা। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাহবুবর রহমান জানান, ডিলাররা চিনি নিয়মিত উত্তোলন না করায় চিনিকলটি অর্থসংকটে পড়েছে। চিনি আমদানি ও চিনির বাজার মূল্য নির্ধারণে ভারসাম্যমূলক নীতিমালা করা প্রয়োজন বলে মনে করেন তিনি।চুয়াডাঙ্গা: দর্শনায় অবস্থিত কেরু অ্যান্ড কোম্পানি ২১ কোটি ৭৫ লাখ টাকার চিনি নিয়ে বিপাকে পড়েছে। গত অর্থবছরে উৎপাদিত চিনির প্রায় পুরোটাই এখন পর্যন্ত অবিক্রীত রয়ে গেছে। কর্মকর্তারা বলছেন, চাহিদার তুলনায় দেশে চিনির ব্যাপক মজুদ থাকায় কেরুর চিনি বিক্রি কমে গেছে। প্রতি কেজিতে পাঁচ টাকা দাম কমিয়েও বিক্রি বাড়েনি। অথচ আগামী নভেম্বর মাসে নতুন মাড়াই মৌসুম শুরুর আগেই চিনিগুলো বিক্রি করা প্রয়োজন। দর্শনার ডিলার আবদুল খালেক জানান, শুধু লাইসেন্স টিকিয়ে রাখার স্বার্থে এবার চিনি তুলছেন। তিনি বলেন, অন্যান্যবার ঈদের মৌসুমে দিনে অন্তত দুই থেকে তিন মেট্রিক টন চিনি বিক্রি হতো। চাহিদার কারণে লাভও হতো বেশ। এ বছর ঠিক তার উল্টো চিত্র।ঝিনাইদহ: জেলার কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের গুদামে চার হাজার ৭২৬ মেট্রিক টন চিনি পড়ে আছে, যার বাজার দর ২৩ কোটি ৬৩ লাখ টাকা। চিনিকলের উৎপাদিত সব চিনি বিক্রির পরও লোকসান হবে ২২ কোটি টাকা। আর অবিক্রীত চিনি নষ্ট হলে লোকসানের বোঝা আরও বাড়বে, যা এ চিনিকলকে ধ্বংসের দিকে ঠেলে দেবে বলে কর্মকর্তা-কর্মচারীরা মনে করেন।পঞ্চগড়: প্রতি টনে পাঁচ হাজার টাকা কমানোর পরও চিনি বিক্রি না হওয়ায় পঞ্চগড় চিনিকলের কর্মকর্তা-কর্মচারীরা জুলাই মাসের বেতন-ভাতা পাননি। তবে উৎসব ভাতা (বোনাস) দেওয়া হয়েছে। বর্তমানে গুদামে ২০ কোটি টাকা মূল্যের চার হাজার মেট্রিক টন চিনি পড়ে আছে। চিনিকলের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জামাল হোসেন বলেন, রমজান মাস উপলক্ষে প্রতি টন চিনিতে পাঁচ হাজার টাকা লোকসান দিয়ে ৫০ হাজার টাকায় বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এতে চিনিকলের চিনি বিক্রির হার খানিকটা বেড়েছে।