১৪৭টি হ্যাচারির মালিকের বিরুদ্ধে মামলা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুক্তি ভঙ্গ করে ব্রয়লার মুরগির বাচ্চা দ্বিগুণ দামে বিক্রি করায় ১৪৭টি হ্যাচারি মালিকের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রতিটি এক দিনের ব্রয়লার মুরগির বাচ্চার দাম ৩০ টাকা এবং লেয়ার বাচ্চার দাম ৩২ টাকা করে বিক্রির নির্দেশ দিলেও হ্যাচারি মালিকেরা তা মানেননি। উল্টো সরকারের বিরুদ্ধেই আদালতের সহায়তা চেয়েছেন।এ অবস্থায় সরকারের উচ্চপর্যায়ে বৈঠক করে হ্যাচারি মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আগামী সপ্তাহে হ্যাচারি মালিকদের সঙ্গে বৈঠক করে বিষয়টি তাঁদের জানিয়ে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।জানতে চাইলে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস প্রথম আলোকে বলেন, হ্যাচারি মালিকেরা মন্ত্রণালয়ের সঙ্গে করা চুক্তি ভঙ্গ করেছেন। তাঁরা মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা মানছেন না। তাঁরা ৭০ থেকে ৭২ টাকায় মুরগির বাচ্চা বিক্রি করছেন।মন্ত্রী বলেন, ‘আমরা উচ্চপর্যায়ে বৈঠক করে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামী সপ্তাহে বৈঠক করে হ্যাচারি মালিকদের বিষয়টি জানিয়ে দেওয়া হবে।’মন্ত্রণালয় সূত্র জানায়, এক দিন বয়সী একটি ব্রয়লার মুরগির বাচ্চা উৎপাদনে ১৭ টাকা ৬০ পয়সা ব্যয় হলেও হ্যাচারি মালিকেরা ডিলারদের কাছে প্রতিটি বিক্রি করেন ৪৫ টাকায়। বিভিন্ন হাত ঘুরে এই বাচ্চা খামারিদের কাছে পৌঁছায় ৬৫ টাকায়। ৬৫ টাকার বাচ্চা কিনে লালন-পালন করে দেড় কেজি ওজনের একটি মুরগি উৎপাদনে খামারমালিকদের ব্যয় হয় ১৫৫ টাকা। এ হিসাবে প্রতি কেজি মুরগির মূল্য হওয়ার কথা ১০৩ টাকা। কিন্তু বাজারে বর্তমানে ব্রয়লার মুরগি ১৫০ থেকে ১৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।জানতে চাইলে ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান গত সোমবার প্রথম আলোকে বলেন, ‘সরকারের সঙ্গে আমাদের কোনো চুক্তি হয়নি, আমরা নাকে খত দিয়ে ব্যবসা করি না। আমাদের ব্যবসা করতে হয় লাভ-লোকসানের কথা চিন্তা করে।’ তিনি দাবি করেন, মুরগির বাচ্চার মূল্য নির্ধারণ করে প্রাণিসম্পদ অধিদপ্তর যে আদেশ জারি করেছে, তা অবৈধ ও আইনের পরিপন্থী।গত মে মাসে মুরগির বাচ্চার মূল্য নির্ধারণে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক সুনীল চন্দ্র গাইনের নেতৃত্বে ১৩ সদস্যের কমিটি করা হয়। পরে গত ১৫ জুন কমিটির বৈঠকে হ্যাচারির মালিকদের উপস্থিতিতে এক দিনের ব্রয়লারের বাচ্চার দাম ৩০ টাকা এবং লেয়ার বাচ্চার দাম ৩২ টাকা করে বিক্রির নির্দেশ দেওয়া হয়। বৈঠকে বলা হয়, এক দিন বয়সের বাচ্চার প্যাকেটের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা থাকবে, যা ব্রিডার খামারিরা কার্যকর করবেন।পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি আবদুল আওয়াল হক ব্রয়লার বাচ্চা ও লেয়ার বাচ্চার মূল্যকে অসহনীয় উল্লেখ করে বলেন, হ্যাচারি মালিকেরা বলে আসছেন, বাচ্চার দাম বাড়াচ্ছেন ডিলাররা। তাহলে ডিলারদের বিরুদ্ধে কেন হ্যাচারি মালিকেরা ব্যবস্থা নিচ্ছেন না, সে সম্পর্কেও প্রশ্ন রাখেন তিনি।সূত্র জানিয়েছে, মূল্য নির্ধারণের বিষয়ে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে ব্রিডার্স অ্যাসোসিয়েশনকে ব্রয়লার বাচ্চা ও লেয়ার বাচ্চার মূল্য কমাতে বলার পরদিনই তাঁরা দাম বাড়িয়ে ৪৮ টাকা এবং তিন দিন পর ৫০ টাকা করেন। পরে পর্যায়ক্রমে ৬৪ টাকা এরপর ৭০ ও ৭২ টাকা নির্ধারণ করেন। এ ছাড়া বাচ্চা মুরগি বিক্রির সময় রসিদ দেওয়ার কথা বলা হলেও হ্যাচারি মালিকেরা তা মানছেন না। এ বিষয়ে ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি রেজাউল হক বলেন, প্রান্তিক খামারিকে বাঁচাতে হবে, না হলে শিল্প থাকবে না। প্রাণিসম্পদ অধিদপ্তরকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ফিড ইন্ডাস্ট্রিতে প্রতি কেজি খাদ্যে পাঁচ পয়সা লাভ করা কঠিন। প্রসঙ্গত, দেশে বর্তমানে প্রতি সপ্তাহে মুরগির বাচ্চার চাহিদা প্রায় ৭০ লাখ। সরকারি-বেসরকারি পর্যায়ে উৎপাদিত হয় মাত্র ৪০ লাখ। ঘাটতির পরিমাণ প্রতি সপ্তাহে ৩০ লাখ।