১৪৮ কোটি টাকা নিয়ে আত্মগোপনে খাতুনগঞ্জের পাঁচ ব্যবসায়ী ভাই
চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ী পাঁচ ভাই বিপুল পরিমাণ অর্থ নিয়ে আত্মগোপন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত মঙ্গলবার কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। পাঁচ ভাই ১৮৫ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন বলে মামলায় অভিযোগ করা হয়। তবে পালানোর আগে তাঁরা মোট ৭৫ জন ব্যবসায়ীর কাছে ১৪৮ কোটি ৮২ লাখ ৭২ হাজার ৪১১ টাকার দেনার একটি হিসাব রেখে গেছেন।ওই পাঁচ ব্যবসায়ী ভাই হলেন: মো. সাইফুল ইসলাম চৌধুরী (৫০), সাইফুল আজম চৌধুরী (৪৭), মো. সাইফুদ্দিন চৌধুরী, মো. সাইফুল্লাহ চৌধুরী (৩৬) ও সাইফুল আলম চৌধুরী। খাতুনগঞ্জের নুরুল আবছার চৌধুরী মার্কেটের মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ এবং মেসার্স চৌধুরী অ্যান্ড ব্রাদার্স নামে দুটি প্রতিষ্ঠানে বসে তাঁরা লেনদেন করতেন। পাওনাদার ব্যবসায়ীদের অভিযোগ, খাতুনগঞ্জের ব্যবসার রীতি অনুযায়ী ওই পাঁচ ভাই সরবরাহ আদেশ (ডিও) কেনা বাবদ গম বিক্রেতাদের এক মাস পরের তারিখে অগ্রিম ব্যাংক চেক দেন। নির্ধারিত সময়ে বিক্রেতারা ওই চেক দিয়ে টাকা তুলতে যান। কিন্তু তাঁদের প্রতিষ্ঠানের সঞ্চয় হিসাবে পর্যাপ্ত টাকা ছিল না। পাওনাদারেরা বিষয়টি জানালে তাঁরা কিছুটা সময় চান।জানা যায়, এ সময়ের মধ্যে পাঁচ ভাই খাতুনগঞ্জের বড় ১০ ব্যবসায়ীর কাছে মোট এক লাখ ১১ হাজার ১৩২ মেট্রিক টন গমের ডিও কম দামে বন্ধক রেখে নগদ টাকা নেন। এ অবস্থায় গতকাল বিকেলে খাতুনগঞ্জে ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন জরুরি বৈঠকে বসে। বৈঠক শেষে সংগঠনের সভাপতি মাহবুব আলম তালুকদার প্রথম আলোকে বলেন, পাঁচ ভাইয়ের কাছে পাওনার হিসাব এখনো পাওয়া যায়নি। পলাতক ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে পাওনা টাকা আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাতুনগঞ্জ ঘুরে ও পাওনাদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ দুটি প্রতিষ্ঠানের ব্যাংকের চেক প্রত্যাখ্যাত হলে ব্যবসায়ীরা মঙ্গলবার সকাল থেকে ওই দুটি প্রতিষ্ঠানে ভিড় করতে থাকেন। এ পরিস্থিতিতে বিকেল থেকে প্রতিষ্ঠান দুটি বন্ধ করে পাঁচ ভাই চলে যান। প্রতিষ্ঠান দুটি বন্ধ দেখে মঙ্গলবার রাতেই চান্দগাঁও এলাকায় পাঁচ ভাইয়ের বাড়িতে যান তাঁরা। পাওনাদার মইনুদ্দিন বলেন, বাড়ির দারোয়ান তাঁকে বলেন, মঙ্গলবার বিকেলেই তাঁরা সপরিবারে বাড়ি ছেড়ে চলে গেছেন।ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, পাঁচ ব্যবসায়ী ভাই মঙ্গলবার জিএমজির একটি ফ্লাইটে ঢাকায় চলে যান। তবে খাতুনগঞ্জের ব্যবসায়ী নেতারা বিমানবন্দরে অভিযোগ দেওয়ায় তাঁরা দেশের বাইরে যেতে পারেননি। মঙ্গলবার রাতেই ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে তাঁরা ফিরে আসেন।জানা গেছে, মঙ্গলবার রাতে মেসার্স হোসাইন অ্যান্ড ব্রাদার্সের পরিচালক মো. হারুন কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ওই দুটি প্রতিষ্ঠানের কাছে তাঁদের ছয় কোটি ৮৭ লাখ ৪৮ হাজার টাকা পাওনা রয়েছে। প্রতিষ্ঠান দুটি তিনটি ব্যাংকের ১১টি চেক দেয় তাঁদের। কিন্তু এসব চেক ব্যাংকে প্রত্যাখ্যাত হয়। মামলায় কয়েকটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে আনুমানিক ১৮৫ কোটি টাকা পাওনা রেখে ওই ব্যবসায়ীরা পালিয়েছেন। হোসাইন অ্যান্ড ব্রাদার্সের মালিক মীর মোহাম্মদ হাসান বলেন, ‘গত ১৩ মার্চ থেকে ওই দুটি প্রতিষ্ঠানের দেওয়া ব্যাংকের চেক প্রত্যাখ্যাত হয়।’ জেকে ট্রেডিংয়ের মো. জাহাঙ্গীর আলম বলেন, ওই দুটি প্রতিষ্ঠানের কাছে তাঁর সাত কোটি ৩০ লাখ টাকা পাওনা রয়েছে। দীন অ্যান্ড ব্রাদার্সের এস এম সাইফুদ্দিন বলেন, তাঁর সাড়ে তিন কোটি টাকা পাওনা রয়েছে।