১৪৮ কোটি টাকার সম্পদ বেড়েছে কফিলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ব্যবসায়ী মো. কফিল উদ্দিনের সম্পদ গত পাঁচ বছরে ৭৫ শতাংশ বা প্রায় ১৪৮ কোটি টাকা বেড়ে ১৯৬ কোটি টাকা হয়েছে। বার্ষিক আয় ৫৩ শতাংশ বেড়ে ৬৪ লাখ টাকা হয়েছে। একইভাবে ৭১ শতাংশ দায় বেড়ে ১৯২ কোটি টাকা হয়েছে।
অন্যদিকে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. ফিরোজ কবীর ছয়টি সম্পদের আর্থিক মূল্য উল্লেখ না করলেও তাঁর সম্পদ ৮৩ শতাংশ বেড়ে তিন কোটি পাঁচ লাখ টাকা হয়েছে। বার্ষিক আয় প্রায় ৫৪ শতাংশ বেড়ে ৪৭ লাখ ৭৭ হাজার টাকা হয়েছে। সম্পদ ও আয় বাড়লেও তাঁর দায় কমেছে। ৫৯ শতাংশ দায় কমে বর্তমানে তাঁর ৪০ লাখ টাকার ব্যাংকঋণ আছে। গতবার এক কোটি টাকার ঋণ ছিল।
২০০৯ সালের উপজেলা নির্বাচনে ফিরোজ কবীরের কাছে পরাজিত হয়েছিলেন কফিল। দুই প্রার্থীর দুবারের হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
নির্বাচন কমিশনের দ্বিতীয় দফায় ঘোষিত তফসিল অনুযায়ী কাল বৃহস্পতিবার সাভার উপজেলা পরিষদের নির্বাচন হচ্ছে। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি, ওয়ার্কার্স পার্টি ও কৃষক শ্রমিক জনতা লীগের চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন লড়ছেন।
কফিল উদ্দিন: প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি আয় ও সম্পদ কফিল উদ্দিনের। সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিন মেসার্স কফিল উদ্দিন ফিলিং স্টেশন, অভি মোটরস, কফিল উদ্দিন সিএনজি স্টেশন, কফিল ব্রিকস, সাভার কোল্ড স্টোরেজ, হানিফ ফুডস, হানিফ এন্টারপ্রাইজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক বা অংশীদার। এসব খাত থেকে তাঁর বার্ষিক আয় ৬৪ লাখ ৫২ হাজার ৫০০ টাকা। গতবার এই আয় ছিল ৩০ লাখ ৩০ হাজার ২০০ টাকা। এর মধ্যে পরিবহন খাত থেকে সবচেয়ে বেশি ৪৯ লাখ ১৯ হাজার ৭০০ টাকা আয় করেন তিনি।
কফিল এবার তাঁর স্থাবর ও অস্থাবর সম্পদের আর্থিক মূল্য দেখিয়েছেন ১৯৬ কোটি ৫৭ লাখ ৮৯ হাজার ৬৪১ টাকা। গতবার এর মূল্য ছিল ৪৮ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৯২৪ টাকা। এবার তাঁর ২৫৮টি বাস, ৪১টি ট্রাক ও একটি মোটরগাড়ি রয়েছে; যার আর্থিক মূল্য ১৮৮ কোটি ৯৪ লাখ টাকা। গতবার তাঁর ২১০টি বাস ও একটি মোটরগাড়ি ছিল। বাসগুলোর দাম ৪৪ কোটি টাকা ও মোটরগাড়ির দাম ১৯ লাখ টাকা লিখেছিলেন। এবার তাঁর হাতে এক কোটি ৩৮ লাখ টাকা আছে। গতবার ছিল দুই কোটি ৮১ লাখ টাকা।
রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে কফিল উদ্দিনের চার হাজার ৬৬১ বর্গফুটের গাড়ি পার্কিংসহ অফিস রয়েছে। দাম দেখিয়েছেন দুই কোটি ৯৫ লাখ টাকা। তাঁর ছয়টি ফ্ল্যাটের দাম এক কোটি ৯৫ লাখ টাকা। রাজধানীর গোলারটেকে ভূমি ও পাঁচতলা ভবনের এক-চতুর্থাংশের মালিক তিনি। দাম ২৪ লাখ টাকা। ৭০ বিঘা কৃষিজমির দাম উল্লেখ করেছেন ৭৯ লাখ ৪৫ হাজার টাকা।
ফিরোজ কবীর: ব্যবসা ও উপজেলা চেয়ারম্যানের সম্মানী ভাতা বাবদ ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফিরোজ কবীরের বার্ষিক আয় ৪৭ লাখ ৭৭ হাজার ৩৫২ টাকা। এর মধ্যে ঠিকাদারি ও প্যাকেজিং ব্যবসা থেকেই বছরে ৪৫ লাখ ৩১ হাজার ৩৫২ টাকা আয় করেন। তাঁর স্থাবর-অস্থাবর সম্পদের আর্থিক মূল্য তিন কোটি পাঁচ লাখ ৪৭ হাজার ৮৩৮ টাকা। গতবার ছিল ৫১ লাখ ২৯ হাজার ৫৯৬ টাকা। ২০০৯ সালে নির্বাচনের সময় তাঁর হাতে নগদ টাকা ছিল না। ব্যাংকে ছিল ২০ লাখ ১৪ হাজার ৫৯৬ টাকা। এবার তাঁর হাতেই আছে দুই কোটি ৭১ লাখ ১৮ হাজার ৩৫৬ টাকা। ব্যাংকে আছে তিন লাখ ৭২ হাজার ৯০৬ টাকা। তাঁর দুটি গাড়ি আছে, দাম লিখেছেন ২৪ লাখ ৫১ হাজার ৫৭৬ টাকা। আগে তিন বিঘা অকৃষিজমি থাকলেও এবার ৮ দশমিক ৮৩ বিঘা জমির মালিক হয়েছেন। দাম লিখেছেন মাত্র তিন লাখ ৬৫ হাজার টাকা। এ ছাড়া তাঁর দুটি ফ্ল্যাট, দুই বিঘা কৃষিজমি, একটি পুকুরসহ চার বিঘা জমিতে একটি বাগানবাড়ি, একটি দালান ও ৪০ ভরি সোনা থাকলেও হলফনামায় দাম উল্লেখ করেননি। একইভাবে এবার তিনি স্ত্রী ও সন্তানদের আয় ও সম্পদের তথ্য উল্লেখ করেননি। গতবার তাঁর স্ত্রীর ১৯ লাখ ৬৮ হাজার ২০০ টাকার সম্পদ ও সন্তানেরা ব্যবসা থেকে বছরে দুই লাখ ৬১ হাজার ৬০০ টাকা আয় করতেন বলে উল্লেখ করেছিলেন।