১৪৮ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছরের বেশি সময় ধরে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার দিগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান করছেন একজন শিক্ষক। শিক্ষক-সংকটের কারণে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে।
১০ ডিসেম্বর বেলা একটার দিকে সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের এ বিদ্যালয়ে গিয়ে তা তালাবদ্ধ পাওয়া যায়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা সহকারী শিক্ষক লায়লা আক্তার বলেন, বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র আনার জন্য তিনি উপজেলা সদরে গেছেন। তাই বিদ্যালয়ে তালা ঝুলছে। ২০১৪ সালের ৭ আগস্ট থেকে তিনি এখানে আছেন। এক বছরের বেশি সময় ধরে তাঁকে একাই সব দায়িত্ব পালন করতে হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, এ বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ চারটি পদ দীর্ঘদিন শূন্য রয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল হামিদ ২০১৫ সালের ৩০ আগস্ট অবসরে চলে যান। এরপর থেকে লায়লা আক্তার ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এ অবস্থায় দাপ্তরিক কাজে তিনি কোথাও গেলে বিদ্যালয়ে অঘোষিত ছুটি থাকে। এ বিদ্যালয়ে বর্তমানে ১৪৮ জন শিক্ষার্থী আছে। গত বছরও ২১৩ জন শিক্ষার্থী ছিল।
কয়েকজন অভিভাবক বলেন, বিদ্যালয়টি হাওর এলাকায় হওয়ায় এখানে কর্তৃপক্ষের তেমন কোনো দৃষ্টি নেই। দীর্ঘদিন ধরে মাত্র একজন শিক্ষক বিদ্যালয় চালাচ্ছেন। এতে তাঁদের ছেলেমেয়েদের পড়াশোনা হচ্ছে না। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া প্রয়োজন।
দিগজান সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল হান্নান চৌধুরী বলেন, শিক্ষক–স্বল্পতার কারণে শিক্ষার্থীদের সংখ্যা কমে যাচ্ছে। তিনি বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানালেও কোনো সুফল পাননি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন বলেন, শিক্ষক-সংকটের কারণে পড়াশোনা ব্যাহত হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জানে।
সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হযরত আলী বলেন, আগামী বছরের জানুয়ারির মধ্যেই ওই বিদ্যালয়ের সমস্যার
সমাধান হবে।