১৪৮টি পাখি উদ্ধার ১৩ জনকে শাস্তি
রাজধানীর কাপ্তানবাজার থেকে ১৪৮টি বিভিন্ন প্রজাতির পাখি উদ্ধার করেছে র্যাব। আটটি পাখির দোকান ও তিনটি গুদামে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করে তা ছেড়ে দেয় র্যাব-৩-এর একটি দল। অবৈধভাবে পাখিগুলো বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত মোট ১৩ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছেন। কাপ্তানবাজার থেকে উদ্ধার হওয়া পাখিগুলোর মধ্যে রয়েছে ১৪টি ময়না, ১৮টি টিয়া, একটি ইগল, তিনটি চড়ুই ও ১১২টি মুনিয়া। এসব পাখি ক্রয়-বিক্রয় ও বাসায় বন্দী রাখা বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী এক বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশার ও র্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শামিমা ইয়াছমিনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে পাখি ব্যবসার সঙ্গে যুক্ত একটি সংঘবদ্ধ চক্রকে চিহ্নিত করা গেছে বলে র্যাব সূত্রে জানানো হয়েছে। পরবর্তী অভিযানে ওই চক্রের অন্য সদস্যদেরও আটক করা হবে। এ ব্যাপারে আনোয়ার পাশা প্রথম আলোকে বলেন, অনেকেই না বুঝে শখ করে এগুলো পোষার জন্য বাসায় রাখেন। এর ফলে এসব পাখি ক্রমে বিলুপ্তির পথে।