১৫ অক্টোবরের মধ্যে অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তার না করলে হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তারের দাবিতে সময় বেঁধে দেওয়া হয়েছে। গতকাল বুধবার নগরের কোর্ট পয়েন্টে ‘এমসি কলেজ ছাত্রসংগ্রাম পরিষদ’ জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্রশিবিরসহ ১৮ দলীয় জোটের শরিক দলের ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে সামবেশ করে ১৫ অক্টোবরের মধ্যে অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তারের দাবি জানায়। নইলে গণজমায়েত ডেকে হরতালের কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। গত ৮ জুলাই রাতে এমসি কলেজ ছাত্রাবাসে শিবির-ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের জের ধরে ছাত্রাবাসের ৪২টি কক্ষ পুড়িয়ে দেওয়া হয়। শিবিরকে ছাত্রাবাসছাড়া করতে ছাত্রলীগই আগুন দিয়েছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ তিনটি তদন্ত কমিটি গঠন করে। কলেজ কর্তৃপক্ষের তদন্ত কমিটি গত ২৯ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিল করে। অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রলীগের বহিরাগতদের দায়ী করা হয় ওই তদন্ত প্রতিবেদনে। অগ্নিসংযোগকারীরা চিহ্নিত হলেও গ্রেপ্তার না করায় নগরের কোর্ট পয়েন্টে গতকাল বেলা ১১টায় ছাত্রসমাবেশ করে এমসি কলেজ ছাত্রসংগ্রাম পরিষদ। বিরোধী দলের ছাত্রসংগঠনসহ ১৫টি সামাজিক সংগঠন খণ্ড খণ্ড মিছিল করে সমাবেশে যোগ দেয়। সংগ্রাম পরিষদের আহ্বায়ক কাজী সাইফুর রহমানের সভাপতিত্বে সমাবেশে সাবেক সাংসদ ও জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দিলদার হোসেন, জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ আলী আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান, মহানগর ছাত্রদলের সভাপতি জিয়াউল গণি, সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, ছাত্রশিবিরের মহানগর সভাপতি আনোয়ারুল ওয়াদুদ প্রমুখ বক্তব্য দেন। সমাবেশে বক্তারা বলেন, ‘কলেজ কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানোর ঘটনায় দোষীরা চিহ্নিত হলেও ধরা পড়েনি তাদের কেউই। পুলিশ ও জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদনও ধামাচাপা পড়েছে। ছাত্রলীগ নামধারী চিহ্নিত কিছু সন্ত্রাসী ছাত্রাবাস পুড়িয়ে ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় রচনা করলেও কর্তৃপক্ষ এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। অগ্নিসংযোগকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। সংগ্রাম পরিষদের আহ্বায়ক কাজী সাইফুর জানান, ১৫ অক্টোবর পর্যন্ত দল-মতনির্বিশেষে সুধী মহল, রাজনৈতিক নেতা ও বুদ্ধিজীবী মহলের সঙ্গে ধারাবাহিকভাবে গণসংযোগ করা হবে। এর মধ্যে কেউ গ্রেপ্তার না হলে ১৬ অক্টোবর ছাত্র-গণজমায়েত করে হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।