১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বাড়তি নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরবচ্ছিন্ন ও সুদৃঢ় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া। গতকাল শনিবার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি, প্রতিকৃতিসহ আশপাশের এলাকা পরিদর্শন শেষে সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আছাদুজ্জামান মিয়া বলেন, বাড়তি কোনো ঝুঁকি না থাকলেও বর্তমান পরিস্থিতিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মহানগর পুলিশ কমিশনার বলেন, শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ নানা শ্রেণি-পেশার লোকজন আসবেন। এসব কথা বিবেচনা করে পুরো এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
আছাদুজ্জামান মিয়া বলেন, ওই দিন ধানমন্ডি ৩২ নম্বর-সংলগ্ন রাসেল স্কয়ার থেকে মেট্রো শপিং মল পর্যন্ত মিরপুর রোডের পশ্চিমাংশে কোনো যানবাহন চলাচল করবে না। মেট্রোর গলিসহ আশপাশের গলিতেও যান চলাচল বন্ধ থাকবে। ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশের পথে বসানো হবে আর্চওয়ে; তল্লাশি করা হবে মেটাল ডিটেক্টর দিয়ে। এ ছাড়া ধানমন্ডি ৩২ নম্বরের আশপাশে সিসি ক্যামেরা বসানো হয়েছে। থাকবে ডগ স্কোয়াড। সাদাপোশাকেও থাকবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
মহানগর পুলিশ কমিশনার বলেন, ১৫ আগস্ট সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর ৩২ নম্বর সড়ক সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। সেদিন কলাবাগান থেকে সোবহানবাগ মসজিদ এবং ৩২ নম্বরের আশপাশে কোনো মোটরসাইকেল বা গাড়ি পার্কিং করা যাবে না। ওই দিন ব্যাগ, দাহ্য পদার্থ, ধারালো কোনো অস্ত্র এবং মেয়েদের হ্যান্ডব্যাগসহ অনুরূপ কোনো কিছু নিয়ে না যাওয়ার জন্যও অনুরোধ জানান তিনি।