১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার জন্মদিন পালনের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা তাঁর প্রকৃত জন্মদিন নয়। হঠাৎ করেই তিনি ১৯৯৬ সাল থেকে ১৫ আগস্ট জন্মদিন পালন শুরু করেন। বঙ্গবন্ধুর অনুসারীদের অনুভূতিতে আঘাত দিতেই তিনি এটা করছেন।জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের দুই দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, যারা শোক দিবসে জন্মদিন পালনের নামে আনন্দ-উল্লাস করে, এতিমের টাকা আত্মসাৎ করে, জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করে, তাদের দিয়ে কখনোই দেশ-জাতির কল্যাণ হতে পারে না। খবর বাসস ও ইউএনবির।সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, এলজিআরডিমন্ত্রী ও দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ঢাকা নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।সভার শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমালোচনা করে বলেন, তিনি ইনডেমনিটি অধ্যাদেশ দিয়ে বঙ্গবন্ধুর খুনিদের শুধু বিচারের হাত থেকে রেহাই দেননি, বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে তাদের পুরস্কৃত করেছিলেন।