১৫ আগস্টের আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয় খোলার প্রত্যাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. খালিদ সাইফুল্লাহ হত্যা মামলার ছয় আসামির এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার সকালে কুমিল্লার ৯ নম্বর আমলি আদালতের বিচারক নাজমুন নাহার এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি রূপম চন্দ্র দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, সদস্য সজন বরণ বিশ্বাস, জাহিদুল ইসলাম, আবু বকর সিদ্দিক ও সুদীপ্ত নাথ।
কুমিল্লার আদালতের পুলিশ পরিদর্শক সুব্রত ব্যানার্জি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ও কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই শাহ কামাল আকন্দ ছয় আসামিকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত আসামিদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহ কামাল আকন্দ বলেন, রিমান্ড শুনানি শেষে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। ৬ আগস্ট তাঁদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মঞ্জুর আলম বলেন,পুলিশ আলামত বিশ্লেষণ করছে। খুনের সঙ্গে জড়িত আরও দুই থেকে তিনজনকে গ্রেপ্তার করলেই এ হত্যাকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হবে।
গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফ ও ঘটনার তদন্তে গঠিত কমিটির তিনজন সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পরিদর্শন করেন। উপাচার্য আলী আশরাফ বলেন, এ হত্যাকাণ্ডের বিচারের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ধরনের উদ্যোগ নিয়েছে। পরিস্থিতি বিবেচনায় ১৫ আগস্টের আগে শিক্ষা কার্যক্রম আবার শুরু করার ব্যাপারে আশাবাদী বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শোকের মাস আগস্ট উপলক্ষে গত রোববার রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে মোমবাতি প্রজ্বালনের পর ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এতে ছাত্রলীগ নেতা খালিদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. সাদেক হোসেন মজুমদার সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই মামলায় ছাত্রলীগের ছয়জন নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।