১৫ আগস্টের শোক র্যালিতে নেতাদের হাসিঠাট্টা

‘কাঁদো বাঙালি, কাঁদো’ লেখা পোস্টারে ছেয়ে গেছে চারদিক। নেতা-কর্মীদের বুকে ঝুলছে শোকের চিহ্ন কালো ব্যাজ। হাতে হাতে কালো পতাকা। কালো জমিনের ওপর ব্যানারে লেখা ‘শোক র্যালি’। এর সবকিছুই মিলে যায় শোক র্যালির সঙ্গে। শুধু মেলে না নেতাদের হাস্যোজ্জ্বল মুখ আর হাসিঠাট্টা।
১৫ আগস্ট ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে শোক র্যালিতে এমনটি দেখা যায়। শোক র্যালিতে অংশ নেওয়া নেতাদের মুখে হাসি দেখে দলের সাধারণ কর্মী ও জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে।
ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. কামরুজ্জামান গত শুক্রবার তাঁর ফেসবুক পেজে জাতীয় শোক দিবস পালনের কয়েকটি ছবি দেন। সেখানে শোক র্যালির ছবিতে তিনি লেখেন, ‘১৫ আগস্ট শোকাহত বাংগালী! জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক র্যালি।’ তাঁর দেওয়া ছবিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা. সাদেক কুরাইশীসহ দলের নেতা-কর্মীদের হাস্যোজ্জ্বল মুখ দেখা গেছে। ছবিগুলো থেকে একটি ছবি নিয়ে গত শনিবার রাতে এক ব্যক্তি তাঁর ফেসবুক পেজে লেখেন, ‘নেতাদের হাস্যোজ্জ্বল মুখ দেখে মনে হতেই পারে, এটা কোনো আনন্দ শোভাযাত্রা?’ এরপরই ছবি নিয়ে সমালোচনা শুরু হয়। অনেকেই নানা মন্তব্য করেন।
উপজেলা পরিষদের সাবেকচেয়ারম্যান সুলতানুল ফেরদৌস তাঁর মন্তব্যে লিখেছেন, ‘কর্মী ভুল করতেই পারেন। কিন্তু নেতাদের মাথাও কি ক্ষমতার মোহে এত খারাপ হয়ে গেছে যে, ভুলেই গেছে এটা শোক মিছিল।’ সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মণ লেখেন, ‘গোটা বাঙ্গালী কাঁদে, এরা হাসিমুখে মিছিল করে।’
বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক মো. দুলাল সরকারও। তিনি বলেন, ‘নেতারাই যখন জনকের শোক র্যালিতে হাসিঠাট্টায় মেতে থাকেন, তখন জনকের প্রতি নেতাদের কতটুকু শ্রদ্ধা আছে, তা নিয়ে প্রশ্ন দেখা দেয়।’ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘আওয়ামী লীগে বিতর্কিত নেতারা স্থান পেয়েছেন। এই কমিটি চলতি বছর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারেনি। জনকের শোক র্যালিতে নেতাদের হাসিঠাট্টা দৃষ্টিকটু হয়েছে।’
জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নুরুল ইসলাম বলেন, ‘ফেসবুকে আমিও ছবিটি দেখেছি। ছবিটি দেখে আমার মনে হয়েছে, আওয়ামী লীগের নেতারা জাতির জনকের লাশের ওপর দাঁড়িয়ে উল্লাস করছে।’
ওই শোক র্যালিতে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমানও ছিলেন। র্যালিতে নেতাদের হাসিঠাট্টা সম্পর্কে তিনি বলেন, নেতা-কর্মীরা জেলা আওয়ামী লীগের সম্পাদককে কালো পতাকা ধরিয়ে দিয়ে ব্যানারের সামনে ঠেলে দাঁড় করিয়ে দেন। এটা দেখে অনেকের মুখে হাসি চলে আসে। তবে জাতির জনকের প্রতি দলের নেতা-কর্মীদের শ্রদ্ধার কোনো ঘাটতি নেই। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সম্পাদক সাদেক কুরাইশীর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
তবে এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ দবিরুল ইসলাম বলেন, শোক র্যালিতে নেতাদের হাসিঠাট্টা কাম্য নয়। এমনটি করলে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিয়ে প্রশ্ন উঠতে পারে।