১৫ আগস্টের হামলা ছিল স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোচনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: ফোকাস বাংলা
আলোচনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৫ আগস্টের হামলা কোনো একটি পরিবারের ওপর ছিল না। এ হামলা ছিল একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে। সেটা ছিল দেশের স্বাধীনতাযুদ্ধে পরাজিত শক্তির প্রতিশোধের আঘাত।
গতকাল শনিবার ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
১৫ আগস্টের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্ট মাত্র একটি দিনে আমরা নিঃস্ব হলাম। ৩১ জুলাই আমি আর রেহানা দেশের বাইরে গেলাম। সবাইকে রেখে গেলাম। কিন্তু মাত্র ১৫ দিনের ব্যবধানে একটি মাত্র দিনে আমরা পুরোপুরি নিঃস্ব হয়ে গেলাম।’ দেশে ফেরা নিয়ে তৎকালীন সরকারের বাধার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘একপর্যায়ে বাধা উপেক্ষা করেই দেশে ফিরি এবং আওয়ামী লীগের হাল ধরি।’
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতায় ফেরার পর এখন দেশের উন্নয়নে অব্যাহতভাবে কাজ চালিয়ে যাচ্ছে। দেশের মানুষ যাতে মর্যাদা নিয়ে বাঁচতে পারে, সে জন্য খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
উন্নয়নকাজে বিএনপি-জামায়াত বাধা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাদের বাধা সত্ত্বেও দেশ এগিয়ে যাচ্ছে। এখন বাংলাদেশকে আর কেউ অবহেলার চোখে দেখে না। এখন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।
শেখ হাসিনা বলেন, ‘ঘোষণা দিয়েছিলাম ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশ হবে। ২০১৫ সালেই দেশ নিম্ন-মধ্য আয়ের দেশ হয়েছে। তবে নিম্ন-মধ্য হয়ে থাকতে চাই না। দেশ হবে উন্নত। ২০৪১ সালের মধ্যে তা নিশ্চিত করা হবে।’