১৫ আদিবাসী নারী ও শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের একটি আবাসিক হোটেল থেকে পুলিশ গতকাল বুধবার সকালে ১৫ জন আদিবাসী নারী ও শিশুকে উদ্ধার করেছে। তাঁরা সবাই থানচি উপজেলার ক্যচুপাড়ার বাসিন্দা। পুলিশের ভাষ্যমতে, উদ্ধার করা ব্যক্তিদের পাচারের উদ্দেশে ঢাকায় পাঠানো হচ্ছিল। পাচারকাজে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন এস ডি রুবেল, আবদুল করিম ও আবু হোরাইরা।উদ্ধার হওয়া দুই নারী জানান, এস ডি রুবেল তাঁদের আশ্বাস দেন, তাঁদের ঢাকায় আদর্শ মদিনা স্কুলে বিনা বেতনে থাকা-খাওয়াসহ পড়াশোনা ব্যবস্থা করে দেবেন। এ জন্য তাঁরা ছেলেমেয়েদের ভর্তি করাতেই ঢাকা যাচ্ছিলেন। তাঁরা আরও জানান, ছেলেমেয়েদের ভর্তির ফরমের বিনিময়ে প্রত্যেক অভিভাবকের কাছ থেকে ৪০০ টাকা করে নেন রুবেল।বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, গ্রেপ্তার করা তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বান্দরবান সদর থানার উপপরিদর্শক মো. সাইফুল জানিয়েছেন, এস ডি রুবেল একজন ধর্মান্তরিত মুসলমান (তাঁর পূর্বনাম গদেন ত্রিপুরা)। তাঁর বাড়ি বান্দরবানের রুমা উপজেলায়। তিনি আদিবাসী ওই নারী ও শিশুদের গত মঙ্গলবার বান্দরবান জেলা শহরে নিয়ে আসেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অপর দুজনকে গ্রেপ্তার করা হয়।