১৫ ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা: ওবায়দুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা ও ২১ আগস্ট বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার দুপুরে রাজধানীর ইডেন মহিলা কলেজ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র সফল হয়েছে। ২১ আগস্ট বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। আল্লাহর অশেষ রহমতে সেদিন নেত্রী বেঁচে যান। এই দুই ষড়যন্ত্র একই সূত্রে গাঁথা।’
১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনের কেক কাটার সমালোচনা করে যোগাযোগমন্ত্রী বলেন, খালেদা জিয়া জাতীয় শোক দিবসে কেক কেটে কাটা ঘায়ে নুন ছিটিয়েছেন। যার কারণে জাতীয় সমঝোতার পথ রুদ্ধ হয়ে গেল।’ জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার নায়ক উল্লেখ করে আওয়ামী লীগের এই নীতিনির্ধারক বলেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের পুনর্বাসিত করে প্রমাণ করেছেন তিনিই এ হত্যাকাণ্ডের নায়ক।’
ইডেন কলেজের অধ্যক্ষ রওশন জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিনসহ অন্যরা বক্তব্য দেন।