১৫ ও ২১ আগস্টের ঘাতকেরা চক্রান্ত করছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা ’৭৫-এর ঘাতকদের পুরস্কৃত করেছে, ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছে এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের বিরোধিতা করেছে, তারা এখন দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। তিনি সব ধরনের চক্রান্ত মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার আহ্বান জানান। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার-প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই এই চক্রান্ত করা হচ্ছে। যত চক্রান্ত হোক বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই। আসন্ন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী ও নেতা-কর্মীরা গতকাল রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলা এবং জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা। তিনি সব ধরনের চক্রান্ত মোকাবিলা করে যুদ্ধাপরাধীদের বিচারে ঐক্যবদ্ধ থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, যুদ্ধাপরাধীর বিচার ও মুক্তিযুদ্ধের চেতনার ব্যাপারে নতুন প্রজন্ম অনেক বেশি সচেতন। তাদের এই চেতনাকে কাজে লাগিয়ে বাংলার মাটি থেকে যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধী শক্তিকে নির্মূল করার সুযোগ এসেছে।প্রধানমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশে অসাংবিধানিক শাসন প্রতিষ্ঠিত থাকার কারণে দেশ ও জাতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। তিনি আগামীতে আর যাতে দেশে অসাংবিধানিক শাসনব্যবস্থা আসতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, ব্যারিস্টার আমীর-উল ইসলাম, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহাবুবে আলম এবং সাবেক বিচারপতি মনসুরুল হক চৌধুরীও বক্তৃতা করেন।