১৫ কার্যদিবসের মধ্যে মুক্তিযোদ্ধা তালিকার যাচাই বাছাই শেষ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের ওপর আদালতের যে স্থগিতাদেশ ছিল, তা তুলে নেওয়া হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে মুক্তিযোদ্ধা তালিকার যাচাই-বাছাই করে কাজও শেষ করা হবে।

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে গতকাল শনিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা জানান। মন্ত্রী বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের স্থানসহ ঐতিহাসিক স্থান সংরক্ষণে শহীদ জিয়া শিশুপার্ক সরানো হচ্ছে। আগামী দেড় বছরের মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত শিশুপার্কসহ অন্যান্য অবৈধ সব স্থাপনা উচ্ছেদ করে সেখানে মুক্তিযুদ্ধের নানা স্থাপনা তৈরি করা হবে। তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের ইতিহাস নষ্ট করতে জিয়াউর রহমান শিশুপার্ক করেছিলেন। শিশুপার্ক সরিয়ে এখানেই কিছুটা পেছনে করা হবে। সোহরাওয়ার্দী উদ্যানকে মুক্তিযুদ্ধের সূতিকাগার হিসেবে, আন্তর্জাতিক মানের স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে। এই উদ্যানকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ঘোষণা করা হবে।

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের ঘৃণা জানাতে ঘৃণাস্তম্ভ নির্মাণের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা অবশ্যই ঘৃণা স্তম্ভ করব। আমরা তৃতীয় পর্যায়ের প্রকল্প শুরু করতে যাচ্ছি। প্রধানমন্ত্রী ইতিমধ্যে অনুমোদন দিয়েছেন। এটা সোহরাওয়ার্দী উদ্যানে হবে।’