প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের অভাবে দিরাই-শ্যামারচর সড়কের ১৯ কিলোমিটার রাস্তার মধ্যে ১৫ কিলোমিটারই মরণফাঁদে পরিণত হয়েছে। রাস্তাজুড়ে অসংখ্য ছোটবড় খানাখন্দ ও ভাঙাচোরা থাকায় প্রতিদিন যাত্রীদের দুর্ভোগের মধ্য দিয়ে পথ চলতে হয়।সড়কটি দুই বছর ধরে মেরামত না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছে দিরাই ও শাল্লা উপজেলার কয়েক লক্ষাধিক মানুষ।সরেজমিনে দেখা যায়, সড়কটির জায়গায় জায়গায় গভীর গর্ত তৈরি হয়েছে। অনেক জায়গায় কার্পেটিং, ইট-পাথর ও সুরকি উঠে সড়কের চিহ্ন পর্যন্ত মুছে গেছে। এতে প্রায় সময়ই দুর্ঘটনা ঘটছে বলে যাত্রীরা জানিয়েছেন।দিরাই পৌর শহরের সাহিত্যকর্মী নজরুল ইসলাম বলেন, এমনিতে দিরাই-শ্যামারচর সড়কটি সরু ও ভঙ্গুর। তার ওপর প্রতিদিন বড় বড় ট্রাক চলে এই রাস্তা দিয়ে। তাই সড়কের অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। এই সড়ক দিয়ে গাড়ি চলতে গিয়ে যাত্রীদের ঝাঁকুনি খেতে হয় অনবরত। এ অবস্থায় রোগী ও শিশুদের নিয়ে চলাচল অনেকটাই অসম্ভব।শ্রমিকনেতা মো. সারওয়ার উদ্দিন বলেন, ‘আমরা আর দুর্ভোগের কথা কারে কইমু। কইলেও কুনু কাম অয় না। এর লাইগা কইয়াও লাভ নাই। কিছু জায়গা বাদে সম্পূর্ণ রাস্তাই ভাঙাচোরা।’শাল্লা উপজেলার ডুমরা গ্রামের বাসিন্দা শিক্ষাবিদ সুনীলরঞ্জন দাস বলেন, ‘আমরা শাল্লা উপজেলায় বসবাস করলেও জেলা ও বিভাগীয় শহরে আসতে হলে উপজেলার কয়েক লক্ষাধিক মানুষকে এই রাস্তা পাড়ি দিয়ে তবেই আসতে হয়। কিন্তু রাস্তার এমন ভয়াবহ অবস্থায় যাত্রীদের দুর্ভোগের শেষ নেই। অথচ কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।’দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া বলেন, ‘দুই বছর ধরে সড়কটির কোনো কাজ না হওয়ায় বিচ্ছিরি অবস্থার সৃষ্টি হয়েছে। তবে আশার কথা, ইতিমধ্যে এই সড়কটি মেরামতের জন্য রি-টেন্ডার দেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে।’