১৫ কিশোরের ভয়ংকর প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরদের কারও কনুইয়ে, কারও হাঁটুতে গভীর ক্ষত, সেখান থেকে ঝরছে রক্ত। কারও বুকে আঁচড়ের চিহ্ন। ক্ষতের গভীরতাও কম-বেশি। ক্ষতকে ঘিরে ছোপ ছোপ জমাটবাঁধা রক্ত।
শরীরে ক্ষতবিক্ষত এসব কিশোর যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের সদস্য। গতকাল রোববার জানালার কাচ দিয়ে এভাবে কেন্দ্রের ১৫ কিশোর নিজেদের শরীর ক্ষতবিক্ষত করেছে। তারা সাংবাদিকদের বলেছে, ঠিকমতো খাবার না দেওয়া, কর্তৃপক্ষের দুর্ব্যবহার, নির্যাতনের প্রতিবাদ জানাতেই তাদের এই ক্ষোভ।
টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে ২০ কিশোরের নিজের শরীর কেটে ক্ষোভ প্রকাশের তিন মাস না পেরোতেই একই ঘটনা ঘটল যশোরে। কিন্তু ক্ষোভের সূত্রপাত সেই একই। কর্তৃপক্ষ বলছে, টঙ্গীর ঘটনার সঙ্গে জড়িত কিশোরদের মধ্য থেকে ছয়জনকে যশোর কেন্দ্রে স্থানান্তর করা হয়েছিল। তাদের মধ্যে দুজন কিশোরও নিজেদের শরীর ক্ষতবিক্ষত করেছে। আর গতকালের ঘটনায় ওই ছয়জন নেতৃত্ব দিয়েছে, এমনটাই অভিযোগ কর্তৃপক্ষের।
এমন ক্ষোভ প্রকাশের আগে কিশোরেরা বিভিন্ন দাবিতে কেন্দ্রের কয়েকটি ভবনের জানালার কাচ ভাঙচুর করে। কেন্দ্রের পুলিশ ফাঁড়িতেও হামলা চালায় তারা। এ সময় পুলিশ কয়েকটি ফাঁকা গুলি করলে কিশোরেরা নিজেদের শরীর ক্ষতবিক্ষত করে। দেয়াল টপকে পালিয়ে যায় দুই কিশোর।
গতকাল ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, চিকিৎসার জন্য কেন্দ্রের একটি কক্ষে ক্ষতবিক্ষত কিশোরদের জড়ো করা হয়েছে। সেখানে কেউ দাঁড়িয়ে, কেউ বসে। কেউ খালি গায়ে, কারও কারও পরনে টি-শার্ট। তাদের চিকিৎসাসেবা দিচ্ছেন যশোর স্কুল হেলথ ক্লিনিকের উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তা সাহাবুর রহমান। পরে তিনি জানালেন, কাচের টুকরা দিয়ে ফালি ফালি করে বুক, হাত, পাসহ শরীরের বিভিন্ন অংশ কাটা হয়েছে। অন্তত ১৫ জন কিশোরকে চিকিৎসাসেবা দিয়েছেন তিনি।
কেন্দ্রে থাকা কিশোর, সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সকাল নয়টার দিকে অ্যাসেম্বলির পর কিশোরদের কয়েকজন কেন্দ্রের সহকারী পরিচালক মো. সাহাবুদ্দিনকে তাদের বিভিন্ন সমস্যার কথা জানায়। সমস্যা সমাধানের আশ্বাস দিলেও কিশোরেরা তাতে সন্তুষ্ট হয়নি। পরে অন্তত ১০০ কিশোর জোটবদ্ধ হয়ে তাদের আবাসন ও প্রশাসনিক ভবনের জানালার কাচ ভাঙচুর শুরু করে। কেন্দ্রের পুলিশ ফাঁড়িতে হামলা চালানো হয়। এতে দুজন কনস্টেবল আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। এ সময় অন্তত ১৫ জন জানালার ভাঙা কাচ দিয়ে নিজেদের শরীর কেটে ক্ষতবিক্ষত করে। বিক্ষোভের সময় দুই কিশোর দেয়াল টপকে পালিয়ে যায়।
কয়েকজন কিশোর অভিযোগ করে, তাদের যে পরিমাণ খাবার দেওয়া হয়, তাতে পেট ভরে না। শিক্ষার কোনো উপকরণ নেই। সেখানে তেমন কিছু শেখানোও হয় না। কর্মকর্তা ও পুলিশেরা গালি দিয়ে কথা বলে। ওষুধপত্র দেওয়া হয় না। অভিভাবকেরা দেখা করতে এলে তাঁদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়। দেখা করতে গেলে পুলিশকে টাকা দিতে হয়।
খবর পেয়ে যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার আনিসুর রহমান, সিভিল সার্জন আতিকুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তাঁরা বিক্ষুব্ধ কিশোরদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন।
সেখানে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, কিশোরেরা সাতটি সমস্যা চিহ্নিত করেছে। তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তিনি আরও জানান, টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে এই কেন্দ্রে পাঠানো ছয় কিশোর এ ঘটনার নেতৃত্ব দিয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।
কেন্দ্রের প্রতি কিশোরের জন্য প্রতিদিন মাত্র ৫১ টাকা করে সরকারি বরাদ্দ রয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক জানান, বরাদ্দ বাড়ানোর জন্য শিগগিরই সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে। বরাদ্দ বৃদ্ধি না পাওয়া পর্যন্ত বর্তমান বরাদ্দের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের ব্যবস্থা করা হবে।
কেন্দ্রের সহকারী পরিচালক মো. সাহাবুদ্দিন কিশোরদের অভিযোগ অস্বীকার করে বলেন, কোনো কোনো সময় অভিভাবকের নাম করে অন্য কারও সঙ্গে দেখা করে আসে। এ সময় পুলিশ তাদের দেখা করার অনুমতি দেয় না।
কেন্দ্রের প্রবেশন কর্মকর্তা অহেদুজ্জামান গতকাল ওই ঘটনার সময় কেন্দ্র থেকে দুই কিশোরের পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চত করেন। এপ্রিল মাসের হিসাব অনুযায়ী যশোরের কিশোর উন্নয়ন কেন্দ্রে ১৫১ জন কিশোর রয়েছে।