ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলা থেকে আল-আকসা ইসলামী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান গ্রাহকের প্রায় ১৫ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে। গতকাল মঙ্গলবার সকালে নবাবগঞ্জ সদরের নবী উল্লাহ ভবনের দ্বিতীয় তলা ও জয়পাড়া বাজারের টিনের গলিতে গ্রাহকেরা জড়ো হয়ে এ অভিযোগ করেন। এ ঘটনায় দোহার শাখার ব্যবস্থাপক শাহিনা আক্তারকে আটক করে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। খবর পেয়ে নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল গ্রামের নার্গিস আক্তার নামের এক নারী ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়লে তাঁকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি এ প্রতিষ্ঠানে এককালীন ২৫ লাখ টাকা জমা রেখেছেন বলে জানান। সংশ্লিষ্ট অনেকে জানান, উপজেলার বিভিন্ন স্থানের সহস্রাধিক গ্রাহক এককালীন টাকা জমা (ফিক্সড ডিপোজিট) করেন, যার পরিমাণ আট কোটি টাকার বেশি হবে। গতকাল কার্যালয়ে শতাধিক গ্রাহক জড়ো হন। এ সময় গ্রাহকেরা টাকা ফেরত পেতে উপজেলা প্রশাসন ও থানার পুলিশকে জানান। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহবুবুর রহমান প্রতিষ্ঠানটির নবাবগঞ্জ শাখা অফিস ও একটি ইলেকট্রনিক শোরুম সিলগালা করে পুলিশকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। উপজেলার মাধবপুর গ্রামের দেলোয়ারা বেগম অভিযোগ করেন, ছেলে প্রবাসী মনির হোসেন ও তাঁর নামে দেড় মাস আগে এককালীন চার লাখ টাকা জমা রেখেছেন। প্রতিষ্ঠানটির কনিষ্ঠ কর্মকর্তা মো. রফিক ও কোষাধ্যক্ষ মুন্নি আক্তারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি। আল-আকসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমানের মুঠোফোন বন্ধ পাওয়া যায় এবং অফিস ফোনও কেউ ধরেননি। তবে নবাবগঞ্জের ব্যবস্থাপক আমিনুল ইসলামের সঙ্গে দুপুরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এক মাস আগেই আমি চাকরি ছেড়ে দিয়েছি।’ এর পর থেকে তিনি মুঠোফোনটি বন্ধ করে দেন।দেওয়ান মাহবুবুর রহমান জানান, গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে সত্যতা পাওয়ায় প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। উপস্থিত গ্রাহকদের তথ্য অনুযায়ী, সাত থেকে আট কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। ঢাকার দোহার উপজেলার আল-আকসা কার্যালয়েও গতকাল দুপুরে পুলিশ অভিযান চালিয়ে দোহার শাখার ব্যবস্থাপক শাহিনা আক্তারকে আটক করে। পরে ইউএনও মোহামঞ্চদ আল আমীন ভ্রাম্যমাণ আদালতে বাংলাদেশ দণ্ডবিধির ১৮৮ ধারা মোতাবেক সাত দিনের জেল দিয়ে তাঁকে থানা হাজতে পাঠান। জানা গেছে, প্রতিষ্ঠানটিতে দোহার উপজেলার গ্রাহকদের প্রায় সাত কোটি টাকার মূলধন রয়েছে।