ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলার টর্নেডো-দুর্গত ১৫টি গ্রামে শৌচাগারের অভাবে দুর্ভোগে পড়েছে এলাকার মানুষ। এ ক্ষেত্রে নারীদের ভোগান্তি প্রকট আকার ধারণ করেছে। টর্নেডো-দুর্গত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর, রামরাইল ও মাফিহাতা ইউনিয়নের ৫১৩টি পরিবারের প্রায় ২০ হাজার মানুষকে স্যানিটেশন সমস্যায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর মধ্যে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা, জারুলতলা, চান্দি এবং আখাউড়া উপজেলার আমোদাবাদ গ্রামের স্যানিটেশন পরিস্থিতি প্রকট আকার ধারণ করেছে।সরেজমিনে ওই সব এলাকায় দেখা গেছে, সাময়িকভাবে স্যানিটেশন কার্যক্রম চালিয়ে নিতে দুর্গত লোকজন রাস্তার পাশে রিং-স্ল্যাব বসিয়েছে। পলিথিন ও চাটাই দিয়ে তৈরি এসব অস্থায়ী রিং-স্ল্যাব ৮-১০টি পরিবার মিলে ব্যবহার করছে। বিভিন্ন গ্রাম ঘুরে ও দুর্গত মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, টর্নেডোতে বিধ্বস্ত গ্রামগুলোতে একদিকে যেমন দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট, অপরদিকে দেখা দিয়েছে স্যানিটেশন সমস্যা। এ ক্ষেত্রে আক্রান্ত এলাকার নারী, তরুণী ও কিশোরীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে। এদিকে প্রচণ্ড খরায় স্থানীয় পুকুর ও জলাশয়গুলো শুকিয়ে যাওয়ায় তাদের গোসলসহ নানা কাজে সমস্যা হচ্ছে। পাশাপাশি সুপেয় পানির ব্যবস্থা না থাকায় শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাসুদেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেছার উদ্দিন জানান, ইউনিয়নে সুপেয় পানি ও স্যানিটেশন-ব্যবস্থা খুবই নাজুক অবস্থায় রয়েছে।ব্রাহ্মণবাড়িয়া জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সোহরাব উদ্দিন আহমেদ বলেন, ‘স্যানিটেশনের জন্য আমাদের রিজার্ভ কোনো সাপোর্ট টিম নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পর আমাদের ৩০০ প্লাস্টিক স্ল্যাব দেওয়া হয়েছে।’