১৫ গ্রামের ফসল নিয়ে কৃষকের দুশ্চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছি উপজেলার পশ্চিম বৈকণ্ঠপুর গ্রামের ভেঙে যাওয়া জলকপাটটি (স্লুইসগেটের) মেরামত না করায় উপজেলার চার ইউনিয়নের ১৫ গ্রামের কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন। তাঁদের আশঙ্কা, আসন্ন বর্ষা মৌসুমে পানি নিষ্কাশিত না হওয়ায় ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হবে।
স্থানীয় সাত-আটজন বাসিন্দা জানান, উপজেলার আধাইপুর, কোলা, বিলাশবাড়ি ও মিতাপুর ইউনিয়নের ১৫টি গ্রামের ফসলি জমি জলাবদ্ধতা থেকে বাঁচাতে ১৯৬৮ সালে জলকপাটটি নির্মাণ করা হয়। তৎকালীন আধাইপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) জলকপাটটি নির্মাণ করে। তখন থেকে বৈকণ্ঠপুর গ্রামের লোকজন নিজ উদ্যোগে এটির জলকপাট ওঠানো-নামানোর দায়িত্ব পালন করে আসছিল।
তিন-চার বছর আগে জলকপাটের অবকাঠামোতে ভাঙন দেখা দেয়। শুরুতেই মেরামত না করায় গত বছর ছোট যমুনা নদীর পানির চাপে জলকপাটটি ভেঙে যায়। এলাকাবাসী স্থাপনাটির দুই পাশে বালু ফেলে কোনোমতে ধসে পড়া রোধ করলেও বন্ধ হয়ে গেছে পানিনিষ্কাশন এবং এটির ওপর দিয়ে ছোটখাটো গ্রামীণ যানবাহনের চলাচল।
কোলা ইউনিয়নের কার্ত্তিকাহার গ্রামের কৃষক নাজিমুদ্দিন বলেন, ‘স্লুইসগেটের যা অবস্থা, বর্ষায় ফলন তলাইবোই। হের লেইগা ইবার বর্ষায় আর ফসল লাগাম না ভাবছি।’
আধাইপুরের পশ্চিম বৈকণ্ঠপুর গ্রামের জাবেদ আলী বলেন, স্লুইসগেটটি ভেঙে যাওয়ায় সেটির ওপর দিয়ে ছোটখাটো যেসব যানবাহন যেত সেগুলোর চলাচলেও অসুবিধা হচ্ছে। এতে গ্রামের ফসল, মালামাল আনা-নেওয়া করা যাচ্ছে না। ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়েছে।
আধাইপুর ইউপি চেয়ারম্যান শামছুল ইসলাম খান বলেন, ‘আমি স্লুইসগেটটি নির্মাণের জন্য প্রশাসনের নানা স্তরে শতাধিক দরখাস্ত করেছি। কিন্তু কোনো সাড়া মেলেনি।’
উপজেলা কৃষি কর্মকর্তা রাহেলা পারভিনও স্লুইসগেটটি ভেঙে যাওয়ায় এবারের বর্ষায় অন্তত ১৫ গ্রামে জলাবদ্ধতা দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। তিনি জানান, বিষয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা পরিষদ চেয়ারম্যান রুমি চৌধুরী প্রথম আলোকে বলেন, পশ্চিম বৈকণ্ঠপুর গ্রামে নতুন স্লুইসগেট নির্মাণের বিষয়ে গত সপ্তাহে উপজেলা পরিষদের সভায় সিদ্ধান্ত হয়েছে। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।