১৫ গ্রামের লোকজন ডাকাত-আতঙ্কে
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় ১৫টি গ্রামে গত কয়েক দিনে ডাকাতেরা হানা দিয়েছে। এ কারণে ওই সব গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাঁরা পালাক্রমে রাত জেগে গ্রামে পাহারার ব্যবস্থা করেছেন।
বারুহাঁস গ্রামের আলাউদ্দীন ও বস্তুল গ্রামের সফি মিয়া বলেন, ‘ডাকাতেরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দলবেঁধে গভীর রাতে আসে। বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি। পুলিশ সদস্যরা ডাকাতদের গ্রেপ্তার করার আশ্বাস দিয়েছেন।’
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আমিনুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। পুলিশের টহল বাড়ানো হয়েছে। গ্রামবাসীর সঙ্গে এক হয়ে পুলিশও এ বিষয়ে কাজ করছে। ডাকাতদের শিগগিরই আটক করা হবে।’
গ্রামবাসীর অভিযোগ, বোরো মৌসুমের ধান কাটার পরপরই তাড়াশ উপজেলার বারুহাঁস, সগুনা ও তালম ইউনিয়নের ১৫টি গ্রামে ডাকাতদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। গত কয়েক দিনে দিঘুরিয়া, সান্দ্রা, মনোহরপুর, সরাবাড়ি, বস্তুল, বারুহাঁস, সান্দুরিয়াসহ কয়েকটি গ্রামে গভীর রাতে ডাকাত দলের সদস্যরা ডাকাতির চেষ্টা করে। এদিকে গতকাল মঙ্গলবার গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতেরা বারুহাঁস গ্রামে ডাকাতি করতে আসে। একপর্যায়ে গ্রামবাসীর প্রতিরোধের মুখে তারা চলে যায়। যাওয়ার পথে তারা লালুয়ামাঝিড়া গ্রামের আবুল কাশেমের বিদুৎচালিত সেচযন্ত্রের ট্রান্সফরমারও নিয়ে যায়। ওই রাতে আরও কয়েকটি গ্রামে ডাকাতেরা ডাকাতি করতে গেলে গ্রামবাসী মসজিদে মাইকিং করে প্রতিরোধের আহ্বান জানান।