১৫ ঘণ্টা পর চালু, ৫ ঘণ্টা পরই ফের বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈরী আবহাওয়ার কারণে প্রায় ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর চালু করার পাঁচ ঘণ্টার মাথায়

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে আজ সোমবার আবার লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। নদী উত্তাল হয়ে উঠলে দুপুর ১২টা থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের ট্রাফিক পরিদর্শক খালেদ মোশাররফ বলেন, আজ দুপুর ১২টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজির হাট নৌপথে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর আগে এই দুই নৌপথে প্রায় ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সাতটার দিকে ছোট লঞ্চ বন্ধ রেখে শুধু বড় লঞ্চ চালু রাখা হয়।

বিআইডব্লিউটিএর এই কর্মকর্তা বলেন, বৈরী আবহাওয়ার কারণে গতকাল রোববার দুপুরের পর থেকে পদ্মা-যমুনা নদী উত্তাল হয়ে ওঠায় নদীতে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে গতকাল বেলা তিনটা থেকে ছোট ও বিকেল সাড়ে চারটা থেকে বড় লঞ্চগুলো বন্ধ করে দেওয়া হয়। আজ সকাল সাতটার দিকে শুধু বড় লঞ্চে যাত্রী পারাপার করা হলেও দুপুর ১২টা থেকে নদী উত্তাল হয়ে উঠলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সব লঞ্চে যাত্রী পারাপার বন্ধ করে দেওয়া হয়। ঘাটে আসা রাজধানী ঢাকা ও দক্ষিণাঞ্চলমুখী যাত্রীদের ফেরিতে নদী পারের পরামর্শ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও তীব্র বাতাস থাকায় ঘাটে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। লঞ্চ চলাচল বন্ধ থাকায় ফেরিতে যাত্রীর চাপ বেড়েছে। মাঝে মধ্যে প্রচণ্ড বাতাসের কারণে ঘাটে ফেরি ভিড়তে সমস্যা হচ্ছে এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি পারাপারে আগের থেকে অনেক বেশি সময় লাগছে।