১৫ ঘণ্টা পর লঞ্চ চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যাত্রী পারাপার করা লঞ্চ। ছবিটি সোমবার তোলা। ছবি: প্রথম আলো
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যাত্রী পারাপার করা লঞ্চ। ছবিটি সোমবার তোলা। ছবি: প্রথম আলো

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর লঞ্চ চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে এই নৌপথে বড় লঞ্চ চলাচল শুরু হয়।
বৈরী আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল থাকায় গতকাল সোমবার বিকেল পৌনে চারটার দিকে এ নৌপথে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছিল। তবে বাস পরিবহনে ফেরি চলাচল স্বাভাবিক ছিল।
রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগের অন্যতম নৌপথ এটি। ফরিদপুর, মাগুরা, খুলনা, ঝিনাইদহ, কুষ্টিয়া, রাজবাড়ী, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা এবং বরিশাল অঞ্চলের মানুষ এই নৌপথে যাতায়াত করেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া লঞ্চঘাটে কর্মরত পরিদর্শক দীনেশ কুমার সাহা বলেন, নদীতে এখনো বড় বড় ঢেউ আছে। তবে পরিবেশ কিছুটা অনুকূলে থাকায় এবং যাত্রী পারাপারের বিষয়টি মাথায় রেখে আজ সকাল সাতটা থেকে কেবল বড় লঞ্চগুলো চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়া ও পরিবেশ স্বাভাবিক হলে সব ধরনের লঞ্চ চালু করা হবে।
গতকাল বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের বন্দর কর্মকর্তা কবির হোসেন জানিয়েছিলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ২২টি লঞ্চ চলাচল করলেও বৈরী আবহাওয়ার কারণে গতকাল সকাল থেকে ছোট সাতটি লঞ্চ বন্ধ করা হয়। কেবল মাঝারি ও বড় আকারের ১৫টি লঞ্চ চালু রাখা হয়। পরে দুর্ঘটনা এড়াতে বিকেল পৌনে চারটা থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।