১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাইনচ্যুত উপবন এক্সপ্রেসের একটি বগি। সাতগাঁও স্টেশন, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২৩ ফেব্রুয়ারি। ছবি: প্রথম আলো
লাইনচ্যুত উপবন এক্সপ্রেসের একটি বগি। সাতগাঁও স্টেশন, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২৩ ফেব্রুয়ারি। ছবি: প্রথম আলো

মৌলভীবাজারে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত একটার দিকে সাতগাঁও স্টেশনে আন্তনগর উপবন এক্সপ্রেসের ১১টি বগি লাইনচ্যুত হলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আজ বিকেলে সিলেট বিভাগীয় রেলওয়ের সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান প্রথম আলোকে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রীমঙ্গল ও শমশেরনগর স্টেশন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত একটায় ঢাকাগামী ৭৪০ নম্বর আন্তনগর উপবন এক্সপ্রেস সাতগাঁও স্টেশন অতিক্রম করার সময় মেইন লাইনের ওপর এর ১১টি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে আজ বেলা প্রায় চারটা পর্যন্ত ১৫ ঘণ্টা সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। এতে রেলপথের সহস্রাধিক যাত্রী দুর্ভোগের শিকার হন।

এর আগে শ্রীমঙ্গল স্টেশনের কর্মকর্তা শাখাওয়াত হোসেন বলেছিলেন, উপবন এক্সপ্রেস ট্রেনের শুধু ইঞ্জিন ও একটি বগি ছাড়া ১১টি বগি লাইনচ্যুত হয়। ফলে শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন স্টেশনে সিলেটগামী আন্তনগর উপবন এক্সপ্রেস, উদয়ন এক্সপ্রেস, জালালাবাদ এক্সপ্রেস, সুরমা মেইল ও শমশেরনগরের বিভিন্ন স্টেশনে ঢাকাগামী সুরমা মেইল আটকা পড়ে।