জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে প্রায় ১৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এতে রোগীদের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হয়। প্রচণ্ড ঠান্ডায় শ্বাসকষ্ট নিয়ে যেসব শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল, বিদ্যুৎ না থাকায় তাদের নেবুলাইজ করাও সম্ভব হয়নি ওই সময়ে। অসুস্থ সন্তান নিয়ে বাধ্য হয়ে মা-বাবাকে ছুটতে হয়েছে বেসরকারি ক্লিনিকগুলোতে।
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করে জয়পুরহাট শহরের দক্ষিণ ফিডারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে হাসপাতালে ভর্তি ও চিকিৎসাসেবা নিতে আসা অনেক রোগীর পরীক্ষা-নিরীক্ষা হাসপাতালের বাইরে গিয়ে করতে হয়েছে।
হাসপাতালের শিশু ওয়ার্ডের নার্স মাছতুরা বেগম গতকাল বুধবার দুপুরে বলেন, রাত সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ চলে গেছে। এখন বেলা একটা। এখনো বিদ্যুৎ নেই। বিদ্যুতের অভাবে শিশুদের নেবুলাইজ করা যাচ্ছে না। শিশুরা কষ্ট পাচ্ছে। ওই নার্স আরও বলেন, এই ভোগান্তি দেখে চার থেকে পাঁচজন শিশুকে তাঁদের মা-বাবা বেসরকারি ক্লিনিকে নিয়ে গেছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আলী বলেন, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চিকিৎসাসেবা কিছুটা ব্যাহত হয়েছে। তবে অস্ত্রোপচার কক্ষে জরুরি বিদ্যুৎ ব্যবস্থা থাকায় অস্ত্রোপচার করা সম্ভব হয়েছে।
জয়পুরহাট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী ও আবাসিক প্রকৌশলী ফরিদুল হাসান বলেন, রাতে দক্ষিণ ফিডারের বিদ্যুৎ চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল বেলা ১১টার পর শহরের নতুনহাট এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়। তবে জেলা জজকোর্ট এলাকার লাইন মেরামতে দেরি হওয়ায় হাসপাতালে বিদ্যুৎ সরবরাহে কিছুটা দেরি হয়েছে।