১৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রোগীদের ভোগান্তি
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে প্রায় ১৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এতে রোগীদের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হয়। প্রচণ্ড ঠান্ডায় শ্বাসকষ্ট নিয়ে যেসব শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল, বিদ্যুৎ না থাকায় তাদের নেবুলাইজ করাও সম্ভব হয়নি ওই সময়ে। অসুস্থ সন্তান নিয়ে বাধ্য হয়ে মা-বাবাকে ছুটতে হয়েছে বেসরকারি ক্লিনিকগুলোতে।
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করে জয়পুরহাট শহরের দক্ষিণ ফিডারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার পর হাসপাতালে ভর্তি ও সকালে চিকিৎসাসেবা নিতে আসা অনেক রোগীর পরীক্ষা-নিরীক্ষা হাসপাতালের বাইরে গিয়ে করতে হয়েছে।
হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল পাঁচবিবির শুকান পুকুর গ্রামের হাবিবা বেগমের ছয় মাস বয়সী সন্তান হোসাইনকে। শিশুটি শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয় দুদিন আগে। হাবিবা বেগম বলেন, চিকিৎসকের পরামর্শে ওষুধ ও দিনে তিনবার গ্যাস দিতে হয় (নেবুলাইজার)। কারেন্টের অভাবে গ্যাস দিতে না পারায় বাচ্চার নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আলী বলেন, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় হাসপাতালের চিকিৎসাসেবা কিছুটা ব্যাহত হয়েছে। তবে অস্ত্রোপচার কক্ষে জরুরি বিদ্যুৎ সরবরাহব্যবস্থা থাকায় অস্ত্রোপচার করা সম্ভব হয়েছে।
জয়পুরহাট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী ও আবাসিক প্রকৌশলী ফরিদুল হাসান মুঠোফোনে বলেন, বিদ্যুৎ বিভাগের লোকজনের চেষ্টায় গতকাল বেলা ১১টার পর শহরের নতুনহাট এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়। তবে জেলা জজকোর্ট এলাকায় বিদ্যুতের লাইন বিকল হওয়া পিন ইনসুলেটর খুঁজে পেতে দেরি হওয়ায় হাসপাতালে বিদ্যুৎ সরবরাহে কিছুটা দেরি হয়েছে। বেলা তিনটার দিকে হাসপাতালে বিদ্যুৎ-সংযোগ দেওয়া সম্ভব হয়।