১৫ ঘণ্টা বিদ্যুৎহীন বান্দরবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে গতকাল সোমবার ভোর পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। দোহাজারি গ্রিড উপকেন্দ্রে বান্দরবানের সঞ্চালন লাইনের সংযোগে যান্ত্রিক ত্রুটির কারণে এ বিপর্যয় হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারা। ১৫ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছিলেন গ্রাহকেরা।

পিডিবি বান্দরবানের নির্বাহী প্রকৌশলী চিংহ্লামং মারমা বলেন, বান্দরবানের বিদ্যুৎ সরবরাহ নেওয়া হয় দোহাজারি গ্রিড উপকেন্দ্র থেকে। গ্রিডের যে ব্যাকার থেকে বান্দরবান সঞ্চালন লাইনের সংযোগ দেওয়া হয়, সেটিতে ত্রুটি দেখা দেয়। এ কারণে দীর্ঘ সময় বিদ্যুৎ ছিল না। পরে রাত আটটার দিকে সরবরাহ স্বাভাবিক হয়।

 বান্দরবান প্রেসক্লাব এলাকার বাসিন্দা আশীষ ধর বলেন, প্রথমে ভেবেছিলেন নিয়মিত লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ নেই। কিন্তু সারা দিন আর বিদ্যুতের দেখা পাননি। ভ্যাপসা গরমে সারা দিন কষ্ট পেয়েছেন। বিদ্যুৎ না থাকায় মোটরে পানি তুলতে পারেননি।

 পিডিবি লাইনম্যান দিলীপ বড়ুয়া বলেন, সকালে সরবরাহ লাইন পরীক্ষা করে কোথাও ত্রুটি পাওয়া যায়নি। পরে জানতে পারেন সমস্যা বিদ্যুৎ সরবরাহের উৎস দোহাজারিতে।