
খাগড়াছড়ি পৌর এলাকায় চারটি স্থানে গতকাল মঙ্গলবার ভোর ও সকালে ১৫টি বসতঘরের ওপর ধসে পড়েছে পাহাড়ের একাংশ। তবে কেউ হতাহত হয়নি। বেশির ভাগ ঘরই আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পৌর এলাকার শালবনে পাঁচ, হরিনাথপাড়া গ্যাপে তিন, কলাবাগানে তিন ও আঠারো পরিবার এলাকায় চারটি ঘর ক্ষতিগ্রস্ত হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে আঠারো পরিবার এলাকায় গিয়ে দেখা যায়, তিনটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি ঘর পাহাড়ের ঢাল থেকে অবকাঠামোসহ প্রায় ২০ ফুট নিচে পড়ে গেছে।
তিন কক্ষের ওই ঘরের মালিক হাসান আলী নামের এক ব্যক্তি। দুপুরের দিকে তিনি পাহাড়ের নিচে ভেঙে পড়া অবকাঠামো সরাতে স্থানীয় লোকজন ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে কাজ করছিলেন।
হাসান আলী প্রথম আলোকে বলেন, আগের দিন (সোমবার) ভারী বৃষ্টি হওয়ায় আতঙ্কে পরিবারের পাঁচ সদস্যকে (স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে) নিয়ে পাশে ভাইয়ের বাসায় আশ্রয় নেন, যার ফলে তারা প্রাণে বেঁচে গেছেন। ভোর পাঁচটার দিকে ঘর পাহাড় থেকে ধসে পড়ে।
এদিকে হরিনাথপাড়া গ্যাপ এলাকার তিনটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘরে পেছনের অংশে পাহাড়ের খণ্ড ধসে পড়ে। ক্ষতিগ্রস্ত একটি ঘরের বাসিন্দা রহিমা বেগম প্রথম আলোকে বলেন, ভোরে রান্না ঘরে পাহাড়ধসে মাটি পড়ে। এরপর তিনি তাঁর স্বামীকে নিয়ে প্রতিবেশীর ঘরে আশ্রয় নিয়েছেন।
পাহাড়ধসে ১৫টি বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, এসব এলাকায় ঝুঁকিতে অনেক পরিবার বসবাস করছে। সেখান থেকে পরিবারগুলোকে সরে যেতে প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে বারবার মাইকিং করা হলেও তারা কানে তোলে না। এখন যাদের বসতঘর সম্পূর্ণ ভেঙে গেছে তাদের আশ্রয়কেন্দ্রে থাকতে অনুরোধ করা হয়েছে। পরবর্তীতে প্রশাসনের সঙ্গে আলোচনার করে তাদের সাহায্য করা হবে।
এর আগে খাগড়াছড়িতে পাহাড়ধসে ১৩ জুন লক্ষ্মীছড়িতে একজন এবং ১৮ জুন লক্ষ্মীছড়িতে একজন ও রামগড়ে দুজনের মৃত্যু হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, দুই দিন ধরে ঝুঁকিতে থাকা লোকজনকে আশ্রয়কেন্দ্রে আসতে অথবা নিরাপদ জায়গায় সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে অনুরোধ করা হচ্ছে। তারপরেও অনেক এলাকার বাসিন্দারা অনুরোধ কানেই নিচ্ছে না। অনেকটা জোর করে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নিচ্ছে প্রশাসন। ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য জেলা শহরে দুটি, মানিকছড়িতে একটি, রামগড়ে একটি ও মহালছড়িতে একটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বর্ষণ অব্যাহত থাকায় আরও পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। জেলায় ঝুঁকিতে বসবাস করছে প্রায় ১ হাজার পরিবার।
খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিশ শরমিন বলেন, মঙ্গলবার সকালে প্রশাসনের লোকজন অনেকটা জোর করে শালবন, হরিনাথপাড়া গ্যাপ ও আঠারো পরিবার এলাকা থেকে ১০টি পরিবারকে শহরের জেলা প্রশাসন স্টাফ-কোয়ার্টারের আশ্রয়কেন্দ্রে নিয়ে এসেছে।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম বলেন, আশ্রয়কেন্দ্রগুলোতে খাবার ও পানির সরবরাহ করা হয়েছে। প্রয়োজনে আশ্রয়কেন্দ্র আরও বাড়ানো হবে।